ধামইরহাটে এলপি গ্যাসের দাম বৃদ্ধি বিপদে গ্রাহকরা

ধামইরহাটে এক সপ্তাহের ব্যবধানে এলপি গ্যাস বোতল প্রতি ১শ’ থেকে ১শ’ ২০ টাকা পর্যন্ত বাড়িয়েছে খুচরা ব্যবসায়ীরা। রমজানের শেষ ভাগে সরকারি কোনো ঘোষণা ছাড়াই এ মূল্য বৃদ্ধিতে গ্রাহকরা বিপদে পড়েছেন। বাজার মনিটরিং ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

জানা গেছে, উপজেলার সর্বত্র এলপি গ্যাস (লিকুয়েন্ট পেট্রোলিয়াম গ্যাস) প্রতি বোতল এক সপ্তাহ আগে খুচরা পর্যায়ে প্রকারভেদে ৮শ’ ৮০ টাকা থেকে ৯শ’ টাকা দরে বিক্রি হতো। কিন্তু বাজেট ঘোষণার সঙ্গে প্রত্যেক কোম্পানি প্রতি বোতল গ্যাসের মূল্য ৮০ টাকা করে বৃদ্ধি করেছে। ফলে খুচরা বাজারে বর্তমানে ৯শ’ ৮০ টাকা থেকে এক হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ বাজেটে এলপি গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়নি।

উপজেলার দক্ষিণ চকযদু গ্রামের বাসিন্দা কাজল সরকার বলেন, কষ্ট করে হলেও রমজান মাসে এক বোতল গ্যাস কিনেছিলাম বর্তমানে গ্যাস শেষ হলেও আকস্মিক মূল্য বৃদ্ধির ফলে আবারও পরিবারকে খড়ি দিয়ে রান্নার কাজ করতে হচ্ছে।

এ ব্যাপারে এলপি গ্যাসের ডিলার সরকার ট্রেডার্সের স্বত্বাধিকারী নাজমুল সরকার বলেন, বসুন্ধরা, যমুনা, ওমেরা, নাভানা, জি গ্যাসসহ বিভিন্ন কোম্পানির প্রতি বোতল গ্যাস তাদের ৮০ টাকা বেশি দরে কিনতে হচ্ছে। এই সুযোগে খুচরা ব্যবসায়ীরা প্রকারভেদে ১শ’ টাকা থেকে ১শ’ ২০ টাকা বাড়িয়ে গ্রাহক পর্যায়ে গ্যাস বিক্রি করছে। অপরদিকে বাজার মনিটরিং ব্যবস্থা না থাকায় গ্যাস বিক্রেতারা ইচ্ছেমত গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছে।