লাউ চাষে কাঙ্ক্ষিত ফলন না পাওয়ায় লাভের মুখ দেখছে না গোবিন্দগঞ্জের কৃষক

গোবিন্দগঞ্জে গ্রীষ্মকালীন লাউ চাষ বাড়লেও কাঙ্ক্ষিত ফলন না পেয়ে লাভবান হতে পারছে না কৃষকরা। উপজেলায় শত শত বিঘা জুড়ে কৃষকরা বাণিজ্যিকভাবে শুরু করেছে লাউয়ের চাষ। বিগত বছরগুলোতে লাউ চাষে লাভবান হলেও এবার আবহাওয়া অনুকূলে না থাকায় রোগ বালাইসহ নানা সমস্যা দেখা দিয়েছে।

গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া, কাটাবড়ি, কমারদহ, গুমানীগঞ্জ ইউনিয়নের শত শত বিঘা জুড়ে মাচা পদ্ধতিতে লাউয়ের আবাদ করছেন কৃষকরা। এবার আবহাওয়া প্রতিকূলে থাকায় রোগ বালাইসহ লাউ ক্ষেতে নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে। উপজেলার কামদিয়া ও গুমানীগঞ্জ ইউনিয়নের লাউ চাষি কমলা বেগম এবং জসিজল হক জানান, অধিক খরা আর অনাবৃষ্টির করণে লাউ ক্ষেতে রোগ বালাইয়ে ফলন কমেছে। এ ছাড়াও বড় হওয়ার আগেই লাউয়ের শ্বাস শক্ত হয়ে যাওয়াসহ নানা সমস্যার কথা জানালেন তারা।  গোবিন্দগঞ্জ পৌর বাজারের সবজি ব্যবসায়ী আতোয়ার মিয়া বলেন, ক্ষেত থেকেই কৃষকরা শতকরা ৮শ থেকে হাজার টাকা দরে লাউ বিক্রি করছেন।

লাউয়ের নতুন নতুন জাতের কথা উল্লেখ করে গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ ছাহেরা বানু জানান, এ বছর প্রায় ৮০ হেক্টরের বেশি জমিতে লাউ আবাদ হয়েছে। এবার আবহাওয়া অনুকূলে না থাকায় রোগ বালাইসহ লাউ ক্ষেতে নানা সমস্যা দেখা দেয়েছে। তবে চাষিরা যাতে ক্ষতির শিকার না হয় সেজন্য কৃষকদের প্রযুক্তিগত পরামর্শ সহায়তা দেয়া হচ্ছে।