মির্জাপুরে হত দরিদ্র বিধবার ধান কেটে বাড়ি পৌঁছে দিল ছাত্রলীগ

মির্জাপুরে শ্রমিক সংকটে আজগানা গ্রামের দরিদ্র বিধবা শামসুন্নাহার বেগমের ৩০ শতাংশ জমির পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে ছাত্রলীগ। এছাড়া এলাকার দরিদ্র কৃষকদের বোরো ধানও কেটে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে উপজেলা ছাত্রলীগ। 

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু ও যুবলীগের আহবায়ক শামীম আল মামুনের নির্দেশনায় উপজেলা ছাত্রলীগ, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগ এবং বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগ অসহায় ও দরিদ্র কৃষকের পাশে এসে দাড়িয়েছে বলে আজ রবিবার মির্জাপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. মোবারক হোসেন জানিয়েছে।
 
উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন জানিয়েছে, আমাদের মমতাময়ী মা মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী মো. ওবায়দুল কাদের, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য নির্দেশনা দিয়েছেন করোনা ভাইরাসের মত দুর্যোগের সময় দরিদ্র কৃষকদের পাশে থাকার জন্য। নেত্রীবৃন্দেও নির্দেশ ও মানবিক দিক থেকে শ্রমিক সংকটের কারণে কৃষকদের বোরো ধান কেটে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন এলকার মুক্তিযোদ্ধা, বিধবা ও দরিদ্র কৃষকদের বোরো ধান কেটে দিচ্ছে।

আজগানা গ্রামের বিধবা শামসুন্নাহার ও ভাদগ্রাম ইউনিয়নের দুল্যা মনসুর গ্রামের দরিদ্র কৃষক মো. আজাহারুল ইসলাম জানান, অর্থ সংকটের কারণে ক্ষেতের পাকা বোরো ধান কাটতে পারছিলেন না। উপজেলা ছাত্রলীগ খবর পেয়ে তার জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়ে দৃষ্টান্ত দেখিয়েছে। ছাত্রলীগের কাছে কৃতজ্ঞতার কথা জানিয়েছেন দরিদ্র বিধবা শামসুন্নাহার ও কৃষক মো. আজাহারুল ইসলাম। একই কথা জানিয়েছেন ফতেপুর ও বহুরিয়া ইউনিয়নের কয়েকজন কৃষক।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম সিয়াম, করোনা ভাইরাসের কারনে সারা দেশে চলছে লগডাউন। পরিবহন যোগাযোগ বন্ধ থাকায় বিভিন্ন এলাকা থেকে ধানকাটা শ্রমিক আসতে পারছেন না। ফলে এলাকার কৃষকরা পাকা ধান কেটে বাড়ি নিতে না পারায় বিপাকে পরেছেন। কৃষককদের সহযোগিতার জন্য আমরা ছাত্রলীগ কাজ করে যাচ্ছি। মির্জাপুর পৌরসভা, উপজেলা মহেড়া, জামুর্কি, ফতেপুর, বানাইল, আনাইতারা, ওয়ার্শি, ভাদগ্রাম, বহুরিয়া, ভাওড়া, গোড়াই, লতিফপুর, আজগানা, তরফপুর ও বাঁশতৈল ইউনিয়নে ছাত্রলীগের নেতাকর্মীরা দরিদ্র কৃষকদেও ধান কেটে দিচ্ছে। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের সার্বিক সহযোগিতা করছেন বলে উপজেলা যুবলীগের আহবায়ক মো. শামীম আল মামুন জানিয়েছেন।

মির্জাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, মির্জাপুরে এ বছর প্রায় ২১ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। আবাহওয়া অনুকুলে থাকায় বোরো আবাদ ভাল হয়েছে। বোরো ধান পাকতে শুরু করেছে। শ্রমিক সংকটের কারণে কৃষকরা ধান কাটতে পারছেন না। দুর্যোগের এই সময় উপজেলা ছাত্রলীগ নের্তৃবৃন্দ কৃষকদের পাশে এসে ধান কেটে দিচ্ছেন এটা একটি ভাল ও মহতী উদ্যোগ। দুর্যোগের সময় কৃষকদের পাশে এসে সহযোগিতা করায় তাদের ধন্যবাদ জানিয়েছেন।

ইত্তেফাক/আরকেজি