করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় আইনমন্ত্রী আনিসুল হকের অনুপ্রেরণায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে সদস্যদের এক দিনের বেতনের সমপরিমাণ ৩০ লাখ টাকার চেক হস্তান্তর করেছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশন।
রবিবার ( ১০ মে) দুপুরে তেজগাঁও এ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ চেক হস্তান্তর করেন জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মোঃ. হেলাল চৌধুরী ও মহাসচিব বিকাশ কুমার সাহা। এ সময় আইন ও বিচার বিভাগের সচিব মোঃ. গোলাম সারওয়ার উপস্থিত ছিলেন। চেক গ্রহণ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এ ভিডিও কনফারেন্সে যুক্ত হন। বাংলাদেশের অধস্তন আদালতের সকল পর্যায়ের বিচারকদের সংগঠন হলো বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন।
এদিকে আজ একই অনুষ্ঠানে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এসোসিয়েশনের সদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ ১০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন নিবন্ধন অধিদপ্তরের কর্মকর্তাদের সংগঠন।
ইত্তেফাক/এসআই