মানিকগঞ্জে করোনা আক্রান্ত ১০ জন রোগী সুস্থ হলেন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন চারজন। নতুন সুস্থ হওয়া চারজনের মধ্যে রয়েছেন মানিকগঞ্জ সদর উপজেলায় দুই জন এবং শিবালয় ও ঘিওর উপজেলার একজন কর। এদিকে গত এক সপ্তাহে জেলায় নতুন কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ রবিবার বিকেলে এ তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন জানান, এ পর্যন্ত সুস্থ হওয়া ১০ জনের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলার তিনজন, সিংগাইর উপজেলার চারজন এবং হরিরামপুর, ঘিওর ও শিবালয় উপজেলার রয়েছেন একজন করে। জেলায় মোট ২৩ জন আক্রান্ত ব্যক্তির অন্য ১৩ জন নিজেদের বাড়িতে আইসোলেশনে আছেন এবং ভালো আছেন।
মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান জানান, এ পর্যন্ত মানিকগঞ্জ সদর উপজেলার ১০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত মোট তিন জন সুস্থ হয়েছেন। গোপালপুর ভাদুটিয়া গ্রামের একজন ঢাকার কুর্মিটোলা হাসপাতাল থেকে সুস্থ হয়ে গতকাল রাতে ফিরেছেন। সুস্থ হওয়া আরেক ব্যক্তি জয়রা এলাকায় তার নিজের বাড়িতে আইসোলেশনে ছিলেন। তবে, তার সঙ্গে আক্রান্ত ২০ বছরের মেয়ে এখনও আইসোলেশনে আছেন।
এর আগে, ৫ মে টিনপট্টি এলাকার এক নারী ঢাকার কুর্মিটোলা হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। তার পরিবারের আরও তিন সদস্য বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। আক্রান্ত অন্য সাত জনও সুস্থ আছেন জানিয়ে তিনি বলেন, করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে প্রতিদিন দুইবার স্বাস্থ্য বিভাগের ব্যক্তিরা গিয়ে খোঁজ-খবর নিচ্ছেন এবং ওষুধ সরবরাহ করছেন।
সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ জানান, এ পর্যন্ত জেলায় মোট ৯৭১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এবং এর মধ্যে ৯২০টি পরীক্ষার ফল পাওয়া গেছে।
ইত্তেফাক/এসি