গোপালগঞ্জে ভোট দিলেন পাঁচ ভিআইপি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জে রবিবার বিভিন্ন কেন্দ্রে ভোট দিয়েছেন পাঁচ ভিআইপি। বেলা ১১টায় গোপালগঞ্জ-২ আসনের প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম এমপি শহরের এস.এম মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। এর আগে সকাল আটটায় প্রধানমন্ত্রীর চাচা শেখ কবির হোসেন টুঙ্গিপাড়া খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর আসনে উত্সবমুখর পরিবেশে ভোট হয়েছে। এখান থেকে এমপি নির্বাচিত হয়ে তিনি সরকার গঠন করবেন। পরে তিনি টুঙ্গিপাড়ার বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে ঘুরে দেখেন।

গোপালগঞ্জ-১ আসনের প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান মুকসুদপুর উপজেলার বেজড়া-ভাট্টা জসিমুন্নেছা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য, এফবিসিসিআই-এর সাবেক সভাপতি কাজী আকরামউদ্দিন আহমদ কোটালীপাড়া উপজেলার কুরপালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। কাজী আকরামউদ্দিন আহমদ বলেন, আশাকরি এই নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করবে।

গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ কেন্দ্রে সকাল সাড়ে আটটায় কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার প্রতিনিধি ও প্রধান নির্বাচনী এজেন্টে অ্যাড. শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভোট দেন। পরে তিনি প্রধানমন্ত্রীর নির্বাচনী আসনের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার সব কেন্দ্র ঘুরে দেখেন।