স্পোর্টস ডেস্ক
জার্মান দ্বিতীয় বিভাগের দল ডায়নামো ড্রেসডেনের দুই জন খেলোয়াড়ের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে। ফলে দলটিকে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে গতকাল। এই ঘটনার ফলে ধোঁয়াশায় পড়ে গেছে বুন্ডেসলিগার ফেরাও।
শনিবার রাতে দুই খেলোয়াড়ের করোনাক্রান্ত হওয়ার খবর নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে ড্রেসডেন। বিবৃতিটিতে বলা হয়, ‘পরিস্থিতির গভীর বিশ্লেষণের পর ড্রেসডেনের স্বাস্থ্য কর্তৃপক্ষ শনিবার পুরো ক্লাবকে কোচিং স্টাফ ও সাপোর্টিং স্টাফসহ ১৪ দিনের জন্য নিজবাড়িতে কোয়ারেন্টাইনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।’
সেখানে আরো বলা হয়, ‘এ কারণে ক্লাবটি ২৬ নম্বর ম্যাচটি খেলতে লোয়ার স্যাক্সয়ে যেতে পারবে না।’ করোনার স্থগিতাদেশ ভেঙে ফেরার পর আগামী ১৬ মে হ্যানোভার ৯৬-এর বিপক্ষে খেলার কথা ছিল ড্রেসডেনের।
এর ফলে আরো কী পদক্ষেপ নেওয়া হবে এ নিয়ে আর কিছুই জানায়নি স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। স্থানীয় সংবাদমাধ্যমের শঙ্কা, ফের পিছিয়ে যেতে পারে বুন্ডেসলিগার মাঠে ফেরা।
তবে জার্মান ফুটবল লিগের প্রধান নির্বাহী ক্রিশ্চিয়ান সেইফার্ট স্থানীয় টেলিভিশন চ্যানেল জিডিএফকে দেওয়া এক সাক্ষাত্কারে লিগ শেষ করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘আমরা শুরু থেকেই বলে এসেছি এমন কিছুর প্রস্তুতি শুরু থেকেই রাখতে হবে আমাদের। এখন যদি ১৪ দিনের কোয়ারেন্টাইন দেওয়া হয় তাহলে পরের সপ্তাহে খেলার স্পিরিটটাকে ধরে রেখে পরিকল্পনা অনুসারে এগোতে হবে।’
তবে এ কারণে লিগ আবারও স্থগিত হওয়ার কোনো কারণই দেখছেন না তিনি। সেইফার্টের ভাষ্য, ‘যাই হোক, এই মুহূর্তে এটা আমাদের সময়সূচিকে বিপর্যস্ত করবে না। এই ধারণার ওপরে অনেক দিন আগে থেকেই আমরা কাজ করে যাচ্ছি। আমরা এ ব্যাপারেরও জোর দিয়েই বলে এসেছি, যে কোনো খেলোয়াড় কিংবা দলের ওপর করোনা সংক্রান্ত বিষয়ে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষই সিদ্ধান্ত নেবে। তাদের সিদ্ধান্তই আমরা মেনে নেব।’