স্পোর্টস ডেস্ক
বরাবরই, বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) একটা নীতিমালা বেঁধে দিয়ে এসেছে ক্রিকেটারদের জন্য। আর সেটা হল, দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না ভারতীয় ক্রিকেটাররা। ভারতীয়রা খেলতে পারবেন কেবল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও দেশেই হওয়া অন্যান্য আঞ্চলিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট।
এক যুগ ধরে চলে আসা এই নিয়মের অবসান চান সুরেশ রায়না। ভারতীয় ব্যাটসম্যানের দাবি, আইপিএল ছাড়াও অন্যান্য লিগে ভারতীয়দের খেলতে দেওয়া হোক। ইনস্টাগ্রাম লাইভে সাবেক সতীর্থ ইরফান পাঠানের সঙ্গে কথোপকথনে রায়না বললেন, বাইরের লিগে খেলার সুযোগ পেলে তারা নিজেদের প্রস্তুত রাখতে পারবেন।
তিনি বলেন, ‘আমি আশা করি, আইসিসি বা ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বিসিসিআই আলোচনা করবে এবং বোর্ডের চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের বাইরের লিগে খেলার অনুমতি দেবে। আমার মনে হয়, ইউসুফ (পাঠান), আমি, রবিন উথাপা, এরকম অনেক ভালো ক্রিকেটার আছে, যারা বাইরের লিগে খেলে অনেক শিখতে পারবে, সেটা যে লিগই হোক। আমাদেরকে দুটি লিগে (বাইরের) খেলার অনুমতি দিন।’ তিনি আরো বলেন, ‘আমরা বিসিসিআইয়ের চুক্তিতে নেই, কারও কারও আইপিএল চুক্তি নেই, আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারছি না এবং ঘরোয়া ক্রিকেটের মান আন্তর্জাতিক পর্যায়ের নয়। সিপিএল হোক বা বিগ ব্যাশ বা যে কোনো লিগ, আমরা যদি মাস তিনেক মানসম্পন্ন ক্রিকেট খেলার সুযোগ পাই, তা আমাদের প্রস্তুত থাকতে সহায়তা করতে পারে।’
একসময় সীমিত ওভারের ভারতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন রায়না। টেস্ট অভিষেকেও করেছিলেন সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে রান করেছেন প্রায় ৮ হাজার। কিন্তু প্রায় দুই বছর ধরে জাতীয় দলের সুযোগ পাচ্ছেন না তিনি। ৩৩ বছর বয়সি বাঁহাতি ব্যাটসম্যানের মতে, বাইরের লিগে খেলতে না পারায় ভারতের ক্রিকেটারদের জাতীয় দলে ফেরার দাবি জানানোর সুযোগ সীমিত।
তিনি বলেন, ‘অন্য দেশের ক্রিকেটাররা এসব লিগে নিয়মিত খেলছে এবং সেগুলোয় ভালো করে অনেকেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন। আমরা আইপিএল খেলছি, কিন্তু এই লোকগুলোর (জাতীয় নির্বাচকরা) যদি ৪০-৫০ জন ক্রিকেটারের পুল থাকে, তারা মনে করেন, পুলের বাইরে থাকা ক্রিকেটাররা যথেষ্ট ভালো নয় বা সেরা সময় পেছনে ফেলে এসেছে। এই ক্রিকেটারদের অবহেলা করা হয়। আমাদের কোনো ‘প্ল্যান বি’ নেই। বাইরে গিয়ে যদি আমরা পারফর্ম করতে পারি, আমাদের ক্রিকেটের উন্নতি হবে এবং আমরা অনেক শিখতে পারব।’