ফিফার সিদ্ধান্তে অসন্তুষ্ট কনমেবল

স্পোর্টস ডেস্ক

করোনা পরবর্তী ঠাসবুনটের সূচিতে খেলোয়াড়দের বাড়তি চোটের কথা মাথায় রেখে সম্প্রতি ম্যাচপ্রতি বদলি খেলোয়াড়ের সংখ্যা তিন থেকে পাঁচে উন্নীত করেছে। তবে ফিফার এ সিদ্ধান্তকে ভালোভাবে মেনে নেয়নি দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবল। সম্প্রতি নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সংস্থাটি। 

করোনা ভাইরাসের কারণে ফুটবল স্থগিত আছে প্রায় দুই মাস ধরে। এই অচলাবস্থা কাটিয়ে মাঠে ফিরলে দুই মাসের ঘাটতি পুষিয়ে নিতে কম সময়ের ব্যবধানে বেশি ম্যাচ খেলতে হবে দলগুলোকে। এই ঠাসা সূচি খেলোয়াড়দের চোটের সম্ভাবনাও বাড়িয়ে দিচ্ছে সমানভাবে। এ কথা মাথায় রেখেই প্রতি ম্যাচে বদলি খেলোয়াড় নামানোর সংখ্যা বাড়ায় ফিফা।

তবে এ পরিবর্তিত নিয়ম অস্থায়ীভাবে বাস্তবায়িত হবে বিভিন্ন প্রতিযোগিতায়। মূলত যেসব প্রতিযোগিতা চলতি বছরের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা আছে, সেখানে এই নিয়ম প্রযোজ্য হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকবে সংশ্লিষ্ট প্রতিযোগিতার আয়োজকদের।

ফিফার এই সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি কনমেবল। সম্প্রতি এক টুইট বার্তায় নিজেদের অবস্থান তুলে ধরেন সংস্থাটির প্রেসিডেন্ট আলেহান্দ্রো ডমিনগেজ। মূলত কনমেবলের সঙ্গে পরামর্শ না করাতেই চটেছে সংস্থাটি। টুইটে বলা হয়, ‘এমন পরিবর্তন আমাদের অবাক করেছে। আমাদের কনফেডারেশনের সঙ্গে পরামর্শ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

এ প্রতিক্রিয়া ব্যক্ত করার পর আলেহান্দ্রো ডমিনগেজ জানিয়েছেন, এ সিদ্ধান্ত মহাদেশীয় ও দেশগুলোর ঘরোয়া আসরগুলোয় বাস্তবায়িত হবে কী-না তা নিয়েও ভাবছে কনমেবল। আসছে কিছু দিনে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।