ঈদে নতুন পোশাক না কিনে গরিবের পাশে থাকুন

এবারই প্রথম ভিন্ন এক ঈদের অপেক্ষায় মুসলিম বিশ্ব, যা অতীতে কখনো ঘটেনি। করোনা সংকটে বাংলাদেশে হতদরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণির অবস্থা চরমে। দীর্ঘ লকডাউনে শ্রমজীবী, দিনমজুর ও মধ্যবিত্ত মানুষ কাজ হারিয়ে অভাব-অনটনে চরম হতাশায় দিন কাটাচ্ছে। ত্রাণ-সহযোগিতা প্রয়োজনের তুলনায় এতটা অপ্রতুল যে, একটি পরিবার একদিন খেলে ১০ দিন না খেয়ে থাকতে হবে। এমন অবস্থায় আসছে ভিন্নতর এক ঈদ। দেশের বিশাল এক অংশ—হতদরিদ্র ও কর্মহীন মানুষ, তাদের কঠিন জীবন-জীবিকা বিপর্যয়ের কথা বিবেচনা করে আমরা কি অন্তত জীবনের এই একটি ঈদ ভিন্নভাবে কাটাতে পারি না? জাতির এই গভীর সংকটকালে নিজ নিজ এলাকায় গরিবের অন্ন সংস্থান নিশ্চয়ই এক মহত্ কাজ। আসুন, এবার ঈদে কোনো নতুন জামা না কিনে গরিবের পাশে দাঁড়াই।

কামাল আহমেদ

প্রধানশিক্ষক, আড়ংবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আশ্রাবপুর, চুনারুঘাট, হবিগঞ্জ