বিনোদন রিপোর্ট
এবারে করোনা বন্দি চিত্রতারকাদের নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছেন দেবাশীষ বিশ্বাস। নির্মিত হচ্ছে ‘আলো আসবেই’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। যেখানে অভিনয় করছেন সিনেমার জনপ্রিয় ১২ তারকা। এদের মধ্যে আছেন ইমন, অপু বিশ্বাস, মাহিয়া মাহী, ববি হক, বাপ্পি চৌধুরী, সাইমন সাদিক, জায়েদ খান, মিশা সওদাগর, অমিত হাসান, আঁচল, তমা মির্জা ও শাহরিয়াজ।
এ প্রসঙ্গে নির্মাতা দেবাশীষ বিশ্বাস বলেন, ‘সিরিয়াস কমেডির মাধ্যমে এই স্বল্পদৈর্ঘ্যে করোনাকালীন নানা বিষয় তুলে ধরা হবে। পাশাপাশি থাকছে সচেতনতামূলক বার্তাও।’ নির্মাতার আরও বলেন, ‘কোনো ব্যবসায়িক উদ্দেশ্য থেকে নয়, এটা দায়বদ্ধতার কাজ। আর এজন্য শিল্পীরাও কোনো পারিশ্রমিক নিচ্ছেন না। মানুষকে সচেতন করার লক্ষ্যে এটি নির্মাণ হবে। তাই তারাও এ কাজে সহযোগিতা করছেন। এরইমধ্যে ছবির পাণ্ডুলিপি শিল্পীদের কাছে পাঠিয়ে দিয়েছি। তাদের পরিবারের মানুষজনই ক্যামেরা চালাবেন। আমি সর্বদা ফোনে তাদের সঙ্গে যুক্ত থাকবো।’
গল্প প্রসঙ্গে জানা যায়, পুরোপুরি কমেডিনির্ভর এটি। দেবাশীষ বিশ্বাস বলেন, ‘কমেডির মাধ্যমে সিরিয়াস বিষয় ফুটিয়ে তোলা অনেক কঠিন একটা কাজ। তবে আমি সেটা করতে চাই। বাংলাদেশে এবারই প্রথম ঘরে বসে ও বিচ্ছিন্ন অবস্থায় এমন একটি বড় কাজ হচ্ছে।’
শাহজাহান সৌরভের গল্প অবলম্বনে এর চিত্রনাট্য রচনা করেছেন দেবাশীষ নিজেই। সংগীতায়োজন করছেন প্রীতম। আবহসংগীতে আছেন ইমন সাহা।
গতকাল থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে। আর ঈদের আগেই স্বল্পদৈর্ঘ্যটি মুক্তি পাবে।