বিশ্বে সংক্রমিত মানুষের সংখ্যা ছাড়াল ৪১ লাখ

বিশ্ব জুড়ে করোনা ভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা ৪১ লাখ অতিক্রম করেছে। প্রাণ গেছে পৌনে ৩ লাখের বেশি মানুষের। সুস্থ হয়েছে সাড়ে ১৪ লাখ কোভিড-১৯ রোগী। এরই মধ্যে লকডাউন শিথিল করতে যাচ্ছে ব্রিটেন। দেশটিতে পাঁচ স্তরের সতর্কতা চালু হচ্ছে। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। আর অস্ট্রেলিয়ায় লকডাউনবিরোধী বিক্ষোভ থেকে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিশ্বে আক্রান্ত ৪১ লাখ অতিক্রম

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনা ভাইরাস পজিটিভ আসা মানুষের সংখ্যা ৪১ লাখ ৩২ হাজার ২৬৪ জন, এতে মৃত্যু হয়েছে ২ লাখ ৮১ হাজার ৫৭ জনের এবং সুস্থ হয়ে উঠেছে ১৪ লাখ ৫৫ হাজার ৫৯ জন। গত ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে মহামারি হিসেবে ঘোষণা করে। আর গত ডিসেম্বরে চীনের উহানে একজনের শরীরে প্রথম ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। আক্রান্তে শীর্ষে যুক্তরাষ্ট্র (১৩ লাখ ৪৯ হাজার ৫৩৮)। এরপর স্পেন (২ লাখ ৬৪ হাজার ৬৬৩), ইতালি (২ লাখ ১৮ হাজার ২৬৮) এবং ব্রিটেন (২ লাখ ১৫ হাজার ২৬০)। রাশিয়া পঞ্চম স্থানে। ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১১ হাজারের বেশি সংক্রমণ ধরা পড়ায় মোট সংক্রমণ ২ লাখ ছাড়িয়েছে। নতুন করে ৮৮ জনের মৃত্যুতে মোট মৃত্যু ১ হাজার ৯১৫। গত এক সপ্তাহ ধরেই রাশিয়ায় প্রতিদিন     সংক্রমণ বাড়ছে ১০ হাজারের বেশি করে। সরকারি কর্মকর্তারা দাবি করছেন, তারা গণহারে পরীক্ষা করায় সংক্রমণের ঘটনা বেশি।

ব্রিটেনে পাঁচ স্তরের সতর্কতা

প্রথম সবুজ স্তরে থেকে শুরু করে পঞ্চম স্তরে লাল রঙের সতর্কসংকেত দিয়ে বিভিন্ন এলাকায় ঝুঁকির মাত্রা বোঝানো হবে। যাতে সরকার ঝুঁকি বুঝে প্রয়োজনমতো কড়াকড়ি আরোপ করতে পারে। দেশটিতে ধীরে ধীরে লকডাউন শিথিলের সরকারি পরিকল্পনা নিয়ে গতকাল টেলিভিশনে ভাষণ দেওয়ার কথা প্রধানমন্ত্রী বরিস জনসনের। তবে চিকিত্সকরা লকডাউন শিথিল নিয়ে সতর্ক করেছেন। জুন থেকে যুক্তরাজ্যে ঢুকলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এই ঘোষণার পর এয়ারলাইন্সগুলো সরকারকে সতর্ক করে দিয়েছে যে, এতে এই খাতে ধস নামতে পারে।

অস্ট্রেলিয়ায় লকডাউনবিরোধী বিক্ষোভকারী গ্রেফতার

ভিক্টোরিয়া রাজ্যে এক লকডাউনবিরোধী বিক্ষোভ থেকে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মেলবোর্নে পার্লামেন্ট ভবনের বাইরে জড়ো হয়েছিল প্রায় দেড়শ বিক্ষোভকারী। সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম ভঙ্গ করে বিক্ষোভ হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের ১ হাজার ৬০০ অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ৮৯ হাজার টাকা) পর্যন্ত জরিমানা করা হতে পারে।

মেডিক্যালসামগ্রী রপ্তানি করবে না চীন

ছয় ধরনের মেডিক্যালসামগ্রী রফতানি বন্ধ করছে চীন। চীন সরকার বলছে, মান বাড়াতে এসব মেডিক্যালসামগ্রী তারা আর রপ্তানি করবে না। যার মধ্যে আছে মাস্ক, গাউন, টেস্ট কিট ও ভেন্টিলেটর।

ভারতের পরিস্থিতি

এক দিনে দেশে ১২৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আরো ৩ হাজার ২৭৭ জন। দেশে সংক্রমিত মানুষের সংখ্যা ৬২ হাজার ৯৩৯ জন। সুস্থ হয়েছেন ১৯ হাজার ৩৫৮ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ১৯ জনের। লকডাউন বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে পরামর্শ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে পাকিস্তানে গতকাল পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৩০ হাজার ৩৩৪ এবং মৃত্যু হয়েছে ৬৫৯ জনের।