যুক্তরাষ্ট্রে করোনা টাস্কফোর্সের শীর্ষ তিন জন কোয়ারেন্টাইনে

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস নিয়ে গঠিত টাস্কফোর্সের শীর্ষ তিন বিশেষজ্ঞ কোয়ারেন্টাইনে গেছেন। এর মধ্যে রয়েছেন গুরুত্বপূর্ণ সদস্য অ্যান্থনি ফাউচি ছাড়াও ঐ দলের আরো দুই সদস্য। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সেক্রেটারি করোনায় আক্রান্ত হওয়ার পর হোয়াইট হাউজের কর্মকর্তারা আক্রান্ত হতে পারেন বলে আতঙ্ক ছড়ানোর পর তারা কোয়ারেন্টাইনে চলে যান বলে ধারণা কর হচ্ছে। খবর সিএনএন ও আলজাজিরার।

যুক্তরাষ্ট্রে ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস এর পরিচালক অ্যান্থনি ফাউচি হোয়াইট হাউজের করোনা টাস্কফোর্সের গুরুত্বপূর্ণ সদস্য। সিএনএনকে তিনি নিজেই ‘সীমিত কোয়ারেন্টাইনে’ থাকার কথা বলেছেন। ৭৯ বছর বয়সি ফাউচির প্রথম পরীক্ষায় সংক্রমণ পাওয়া যায়নি। তবে আগামী দিনগুলোতে তাকে নিয়মিত পরীক্ষা করা হবে। আক্রান্তের সংস্পর্শে না আসায় ফাউচি বাড়িতে বসে টেলিফোন ও ভিডিও          কনফারেন্সের মাধ্যমে কাজকর্মের দেখভাল করবেন।

জানা গেছে, সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পরিচালক রবার্ট রেডফিল্ড ও ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কমিশনার স্টিফেন হান সেলফ আইসোলেশনে। তারা আপাতত ১৪ দিন সম্পূর্ণ আইসোলেশনে থাকবেন। হোয়াইট হাউজের কর্মকর্তারা এটা প্রকাশ করেননি যে, করোনা আক্রান্ত কর্মকর্তার সংস্পর্শে কারা এসেছিলেন। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের একজন পরিচারক ও তার মেয়ে ইভাঙ্কার ব্যক্তিগত সচিবের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।