করোনায় মৃত শিক্ষকের লাশবাহী ফ্রিজিংভ্যান আটকে দিল পুলিশ

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা যান কুমিল্লার লাঙ্গলকোর্টের নারায়ণপুরের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আখতারুজ্জামান মজুমদার (৯৮)। পরে লাশ দাফনের জন্য হাসপাতাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত নিয়মাবলি অনুসারে যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিয়ে ও জীবাণুনাশক দিয়ে লাশ গোসল করিয়ে প্যাকেটবদ্ধ অবস্থায় ফ্রিজিংভ্যানে তুলে দেওয়া হয়। গ্রামে পারিবারিক কবরস্থানে দাফনের জন্য লাশবাহী ফ্রিজিংভ্যানটি রবিবার দুপুর ১টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে রওনা দেয়। কিন্তু দুপুর ২টার দিকে কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে পুলিশ চেকপোস্টে ফ্রিজিংভ্যানটি আটকে দেয় পুলিশ।

দাউদকান্দি চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা মৃত আখতারুজ্জামানের পরিবারের সদস্যদের জানিয়ে দেন, করোনায় কুমিল্লার বাইরে মারা যাওয়া কারো লাশ কুমিল্লায় দাফন করতে দেওয়া হবে না। তাদের কাছে এমন নির্দেশনা রয়েছে।

কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম বলেন, কুমিল্লা জেলা প্রশাসকের নির্দেশনা আছে যে, কুমিল্লার বাইরে যারা করোনায় মারা যাবে তাদের লাশ এই এলাকায় ঢুকবে না। আর আমাদের কাছে পুলিশ সদর দপ্তরের নির্দেশনা আছে। কুর্মিটোলায় কেউ মারা গেলে লাশ ঢাকায় দাফন হবে। তাই আমি লাশ ছাড়ার নির্দেশ দিতে পারছি না। এই অবস্থায় প্রায় দুই ঘণ্টা ফ্রিজিং ভ্যানে লাশ নিয়ে দাউদকান্দি চেকপোস্টে আটকে থাকেন স্বজনরা। 

এ বিষয়ে বিকাল সাড়ে ৩টার দিকে যোগাযোগ করা হলে কুমিল্লা দাউদকান্দি থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘ঢাকায় করোনা আক্রান্ত মৃত ব্যক্তির লাশ দাফনের জন্য তো আলাদা জায়গা ব্যবস্থা করা হয়েছে। সেখানেই তারা লাশ নিয়ে দাফন করতে পারেন। সংশ্লিষ্ট এলাকার ইউএনও মহোদয়ও বলেছেন, লাশের গাড়ি এলাকায় গেলে গ্রামের মানুষ ঝামেলা করতে পারে। তাই গাড়িটিকে লাশসহ ঢাকায় ব্যাক করতে বলা হয়েছে।’

পরে মৃতের স্বজনরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিষয়টি জানান। সেখান থেকে কুমিল্লার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের  কাছে লাশবাহী ফ্রিজিং ভ্যানটি ছেড়ে দিতে বলা হয়। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও সামাজিক দূরত্ব বজায় রেখে জানাজা সম্পন্ন করে লাশ দাফন করতে পুলিশকে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়। পরে বিকাল ৪টার দিকে মৃতের নাতি সাইফুল ইসলাম জানান, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি মিলেছে। লাশের গাড়িটি চেকপোস্ট থেকে ছেড়ে দেওয়া হয়েছে।’