বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের সোলারকোলা গ্রামে এক নারীর(২৫) করোনা শনাক্ত হয়েছে। এ ঘটনার পর উপজেলা প্রশাসন তার ৩ ভাইয়ের বাড়ি লক ডাউন ঘোষণা করেছে।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে ওই বাড়ি থেকে ফিরে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই নারী কাজের সন্ধানে চট্টগ্রাম যান। বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে কচুয়া উপজেলায় তার ভাইয়ের বাড়িতে আসেন। তিনি মোটর সাইকেল ড্রাইভারের মোটর সাইকেলে আসেন। তাকে নামিয়ে দিয়ে মোটর সাইকেলটি ফিরে গেছে।
পরিবারের বরাত দিয়ে তিনি আরও বলেন, বাড়িতে আসলে তাকে তার বড় ভাইয়ের ঘরে একটি আলাদা কক্ষে রাখা হয়। পরে শুক্রবার তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরিবারের দাবি তার সংস্পর্শে কেউ আসেনি। এরপরও তার ভাইসহ কয়েক জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.মনিশংকর পাইক জানান, ওই রোগীর শরীরে করোনার তেমন কোন লক্ষণ পাওয়া যায়নি। বাইরে থেকে আশায় তাকে শুক্রবার হাসপাতালে ভর্তি করে নমুনা সংগ্রহ করা হয়, ওই দিন তার নমুনা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রবিবার তার করোনা পজিটিভ বলে রিপোর্ট পাওয়া যায়। রোগীটি কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। তবে তার শারীরিক অবস্থা আগের থেকে উন্নতি হয়েছে।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির রবিবার রাত সাড়ে ১১ টায় এসব তথ্য নিশ্চিত করে জানান, করোনা আক্রান্ত নারীর সংস্পর্শে আসা তার বাড়ির পাঁচজন ও ডাক্তার, নার্স, স্বাস্থ্য কর্মীসহ কমপক্ষে ১০ জনের নমুনা সংগ্রহ করে আজ সোমবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হবে।
এনিয়ে বাগেরহাট জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো পাঁচজনে। এরমধ্যে মোরেলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের বড় বাদুরা গ্রামের দুলাল হাওলাদার (৪৫) মারা গেছেন। সুস্থ হয়েছেন তিনজন।
ইত্তেফাক/এমআরএম