করোনায় পুত্রের মৃত্যুর খবর শুনে হার্ট অ্যাটাকে পিতার মৃত্যু

সিদ্ধিরগঞ্জে করোনার উপসর্গ নিয়ে পুত্রের মৃত্যুর  খবর শুনে হার্ট অ্যাটাক করে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পিতা। সোমবার ( ১১ মে) সকালে ঘটনাটি ঘটেছে নাসিক সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ডের দক্ষিণ আজিবপুর সরদারপাড়া এলাকায়। নিহতরা হলেন সিদ্ধিরগঞ্জের দক্ষিণ সরদারপাড়া মসজিদ কমিটির সভাপতি ও ব্যবসায়ী হাজী ইয়ার হোসেন (৭৫) ও পুত্র রিমন সাউদ (৩৫)। রিমন সাউদের করোনার উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট থাকায় তার নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও রিপোর্ট পাওয়া যায়নি। পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে । 

জানা যায়, রিমন সাউদের জ্বর, কাশি ও শ্বাসকষ্ট থাকায় তার নমুনা পরীক্ষা করা হয়েছে। বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। তবে এখনও রিপোর্ট পায়নি। সোমবার ভোর রাতে রিমনের অবস্থার অবনতি হলে স্বজনরা রাত ৩টায় দিকে ঢাকার বিভিন্ন হাসপাতালে নিয়ে যায় কিন্তু করোনার উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট থাকার কারণে কোন হাসপাতালে তাকে ভর্তি নেয়নি।

অবশেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর ৬টার দিকে সেখানেই তার মৃত্যু হয়। এদিকে পুত্রের মৃত্যুর খবর শুনে শোক সইতে না পেরে হার্ট অ্যাটাক করেন পিতা ইয়ার হোসেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর ৭টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। 

রিমন সাউদ দুবছর আগে বিয়ে করেন। তার স্ত্রী ও এক সন্তান রয়েছে। রিমন পিতা হাজী ইয়ার হোসেনের ব্যবসা পরিচালনা করত।

ইত্তেফাক/এসআই