সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না ও কামারখন্দ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখের সম্পর্কে ফেসবুকে মানহানিকর ও আপত্তিকর স্ট্যাটাস দেয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
রবিবার রাতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ বাদী হয়ে বুলবুল আহম্মেদ (৩০) নামে এক যুবককে আসামী করে থানায় মামলা দায়ের করেন। বুলবুল উপজেলার চর টেংরাইল গ্রামের সোলায়মান আকন্দের ছেলে।
কামারখন্দ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা পলাশ চন্দ্র দেব জানান, বুলবুল আহমেদ স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন সময় আপত্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করেছে বলে বাদী এজাহারে উল্লেখ করেছেন।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামী বুলবুল সহ সহযোগী আসামীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়েছে। আসামীদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এসআই