রবিবার বাফুফের সভা
স্পোর্টস রিপোর্টার
নোভেল কারোনা ভাইরাসের কারণে প্রিমিয়ার ফুটবল লিগ স্থগিত রয়েছে। স্থগিত হওয়ার লিগ কবে শুরু হবে তা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বিশ্বজুড়ে মহামারি নিয়ে সবাই ব্যস্ত হলেও এর মধ্যেই কোনো দেশ লিগ শুরু করার উদ্যোগ নিয়েছে আবার কেউ হোঁচটও খেয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ কবে হবে, হবে কী হবে না, তা নিয়েও শঙ্কা। তবে ক্লাবগুলোর মধ্যে অনেকে মতামত দিয়েছিলেন লিগ না করার জন্য। পেশাদার ফুটবল লিগ কমিটি সেই সিদ্ধান্ত নেওয়ার ভার তুলে দিয়েছিল বাফুফের নির্বাহী কমিটির টেবিলে। সেখান থেকে সিদ্ধান্ত হবে লিগের ভাগ্য। নতুন করে আবার সিদ্ধান্ত হয়েছে আগামী রবিবার বাফুফের সভা। সেখানে সিদ্ধান্ত হবে। এরই মধ্যে একবার সভার তারিখ দিয়েও সেটি হয়নি। গতকালই হওয়ার কথা ছিল বাফুফের জরুরি সভা। আগামী রবিবার বাফুফে কীভাবে সভা করবে সেটি প্রকাশ করা হয়নি। সংবাদ মাধ্যমকে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন কেউ যদি ভিডিও কনফারেন্সের মাধ্যমেও সভায় অংশগ্রহণ করতে চান সেটিও সম্ভব।
কীভাবে সভা হবে কি হবে না সেটা নিয়ে ক্লাবগুলো ভাবছে না। তাদের দুর্ভাবনা লিগ নিয়ে, একটা সিদ্ধান্ত জানতে চান তারা। কারণ লিগ হলে কবে হবে। না হলে পরবর্তী লিগের বিষয়ে কী হবে? খেলোয়াড়দের রাখা না রাখা নিয়েও সিদ্ধান্ত নিতে হবে ক্লাব কর্মকর্তাদের। তবে এই মুহূর্তে সিদ্ধান্তের অপেক্ষা করা ছাড়া উপায় দেখছেন না ক্লাব কর্মকর্তারা। প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান জানিয়েছেন লিগ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হলে আমরা তো খেলোয়াড় রাখবো না ছাড়বো সিদ্ধান্ত নিতে পারছি না। বিদেশি খেলোয়াড় ছেড়ে দেওয়ার পর আবার তাদের ফেরানো কঠিন হয়ে যাবে।’ ক্লাবের বিভিন্ন সূত্রের দাবি তারা বাফুফেকে সাফ জানিয়েছেন দ্রুত একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। বাফুফের নীতিনির্ধারকরাও এরই মধ্যে ফোনে কথা বলে মিটিংয়ের বিষয়টি নির্ধারণ করেছেন বলে জানা গেছে।
পাঁচ ফুটবলার পরিবর্তন
ফিফা নতুন নিয়ম করেছে। মাঠে তিন জনের পরিবর্তে পাঁচ ফুটবলার খেলানো যাবে। দুই জন বাড়িয়েছে ফিফা। করোনার কারণে প্রায় সব দেশেই লিগ বন্ধ। যখন শুরু হবে সেটা যেন দ্রুত শেষ করা যায় তার জন্য এই পরিবর্তন। কারণ খেলোয়াড়রা সবাই ঘরে বসে আছে। সাইড বেঞ্চের ফুটবলারদের খেলার সুযোগ করে দিতে এই নিয়ম। তবে পাঁচ খেলোয়াড় পরিবর্তনটি সাময়িক। নতুন সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত চলবে। পাঁচ ফুটবলার পরিবর্তনের বিষয়ে এরই মধ্যে ফিফা জানিয়ে দিয়েছে তার সদস্য দেশগুলোকে। বাফুফেও সেটা পেয়েছে। যদি লিগ শুরু হয় তাহলে খেলোয়াড় পরিবর্তনের নতুন নিয়ম শুরু হবে বাংলাদেশেও।