ফিরতে মরিয়া অ্যালেক্স হেলস

স্পোর্টস ডেস্ক

২০১৭ সালে ইংল্যান্ডের ব্রিস্টলে মারামারি করে কয়েক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন অ্যালেক্স হেলস। পরে মাদক পরীক্ষায় ধরা পড়ে জায়গা হারান গত বিশ্বকাপের দল থেকে। এর পর কোনো সংস্করণেই ডাক পাননি আর।

তবে, অধিনায়ক ইয়ন মর্গ্যান ফেরার রাস্তা খোলা রেখেছেন হেলসের জন্য। ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাত্কারে অ্যালেক্স হেলস জানান, দলের বাইরে থেকে হারানো বিশ্বাস অর্জন করা তার জন্য অনেক কঠিন।

তিনি বলেন, ‘মর্গ্যান যেমন বলেছে, আমারও তাই মনে হয় যে, সময়ে সবকিছু সয়ে যায়। কতদিন এমন চলবে, একমাত্র এটাই আমি জানি না। সত্যি কথা বলতে, আমার কোনো ধারণাই নেই। অবশ্যই আমি দলে জায়গা ফিরে পেতে চাই। আন্তর্জাতিক ক্রিকেট খেলা যে কোনো ক্রিকেটারের ক্যারিয়ারের উজ্জ্বলতম অধ্যায় এবং আমি মনে করি, আমার অনেক কিছু দেওয়ার আছে, বিশেষ করে টি-টোয়েন্টিতে। নিশ্চিতভাবে অনুভব করছি, খেলার বাইরে থেকে ক্রিকেটার হিসেবে আমি পরিণত হয়েছি। আশা করি, দলে এটি দেখানোর সুযোগ পাব। দলের বাইরে থেকে বিশ্বাস পুনঃস্থাপন করা কঠিন।’