র্যাংকিংয়ে দলের এমন অবস্থানে মোটেও সন্তুষ্ট নন শ্রীলঙ্কার ওয়ানডে ও টেস্ট অধিনায়ক দ্বিমুথ করুনারত্নে। দুই সংস্করণেই নিজেদের দেখতে চান শীর্ষ চারে। এক সাক্ষাত্কারে র্যাংকিংয়ে উন্নতির ভাবনার কথা জানান করুনারত্নে। তিনি বলেন, ‘র্যাংকিং, র্যাংকিং আর র্যাংকিং—এটাই এখন মূল লক্ষ্য। কেবল ওয়ানডেতে নয়, টেস্ট ক্রিকেটেও শ্রীলঙ্কার শীর্ষ চারে থাকা জরুরি। পরোক্ষভাবে এটা দ্বারা সেমিফাইনাল বুঝায়, সম্ভবত শিরোপা থেকে দুই ধাপ দূরে থাকা। সেক্ষেত্রে নিজেদের দিনে ভালো করে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া সম্ভব।’ চলতি মাসের শুরুতে র্যাংকিংয়ের বার্ষিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। টেস্টে ৯১ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচে আছে শ্রীলঙ্কা। ওয়ানডেতে আটে ১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা, রেটিং পয়েন্ট ৮৫।