করোনা মহামারিতে মানুষের পাশে রোটারি মেডিক্যাল সাপোর্ট সেন্টার

ইত্তেফাক রিপোর্ট

বিশ্বব্যাপী করোনা মহামারির এই দুঃসময়ে দেশের মানুষের জন্য চিকিত্সা সহযোগিতা প্রদানের     লক্ষ্যে রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮১ এর ২০২০-২১ রোটারি বর্ষের  জেলা গভর্নর মো. রুবায়েত হোসেনের নেতৃত্বে এবং সার্বিক তত্ত্বাবধানে রোটারি মেডিক্যাল সাপোর্ট সেন্টার যাত্রা শুরু করেছে। ০৯৬০৬০০০৯১১ হট লাইন নাম্বারে কল করে বাংলাদেশের জনগণ প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা এবং সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ গ্রহণ করতে পারবেন।

এ প্রসঙ্গে মো. রুবায়েত হোসেন জানান, দেশের স্বনামধন্য ৪০ জন বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে রোটারি মেডিক্যাল সাপোর্ট সেন্টার যাত্রা শুরু করলেও প্রতিনিয়ত জনগণের সেবায় নতুন বিশেষজ্ঞ যোগ হচ্ছেন। এছাড়াও মেডিনোভা মেডিক্যাল সার্ভিসেস লি., ইস্ট ওয়েস্ট মেডিক্যাল কলেজ, আইচি হাসপাতাল লি. ও সিটি জেনারেল হাসপাতাল লি.-এ এই রোটারি মেডিক্যাল সাপোর্ট সেন্টারের ডাক্তারগণ কর্তৃক প্রেরিত রোগীদের জন্য বিশেষ চিকিত্সার ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশের অন্য জেলাগুলোতে ও অনুরূপ চিকিত্সা ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে।

বিগত ১১৫ বছর যাবত রোটারি ক্লাব পৃথিবীর বিভিন্ন অঞ্চলে নিঃস্বার্থভাবে মানবসেবা দিয়ে যাচ্ছে। সারাবিশ্ব থেকে পোলিও নির্মূলের মূল উদ্যোক্তা রোটারি এখন কোভিট-১৯ মহামারির সময় বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে খাদ্য, চিকিত্সা, চিকিত্সা সরঞ্জাম, পুনর্বাসনসহ বহু প্রকল্প নিয়ে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।