করোনা ভাইরাস মহামারি মোকাবিলায় দেশে ‘কুইক টেস্টিং’ জরুরি হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। গতকাল সোমবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, দ্রুততম সময়ে পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হলে রোগীর চিকিত্সায় চিকিত্সকরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন।
জি এম কাদের বলেন, টেস্ট করতে তিন দিন সময় লাগে আর রেজাল্ট পেতে সময় লাগে আরো সাত দিন। দেখা যায় দশ দিনে রোগী মারা যাচ্ছে। এ ক্ষেত্রে ‘কুইক টেস্টিং’ হলে ফলাফল ভালো হতে পারে। দেশে উদ্ভাবিত পদ্ধতিতে করোনা পরীক্ষা করা যেতে পারে। অথবা বিদেশ থেকে আমদানি করে হলেও কুইক টেস্টিংয়ের ব্যবস্থা করতে হবে। করোনা ভাইরাস সংকট মোকাবিলায় বেসরকারি খাতের চিকিত্সাকে আরো উত্সাহ দেওয়ার কথাও বলেন তিনি।
লকডাউনের বিধিনিষেধ কমিয়ে আনায় বিভিন্ন মহলে সমালোচনা হলেও জি এম কাদের সরকারের এই সিদ্ধান্তকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বলেন, সরকার সঠিক সিদ্ধান্তই নিয়েছে। কারণ, দেশের ৫ কোটি খেটে খাওয়া মানুষকে তিন বেলা খাবার ও ওষুধপত্র দিয়ে লকডাউন সফল করা সম্ভব নয়। সীমিত সম্পদের দেশে পরোপুরি লকডাউন সফল হবে না।
জাপা চেয়ারম্যান বলেন, আমাদের দেশের মানুষ জীবিকার জন্য নৌকা চড়ে সাগর পাড়ি দেয়। জীবিকার জন্য জীবনের ঝুঁকি নিয়ে তারা বন-জঙ্গল এবং মরুভূমি পাড়ি দেয়। লকডাউনে দেশের খেটে খাওয়া মানুষ অনাহারে-অর্ধাহারে আছে। তাই সরকার লকডাউন শিথিল করে যে সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক বলেই মনে করি।