করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের জন্য ৫০ কোটি ডলার (৪২৫০ কোটি টাকা) ঋণ অনুমোদনের চার দিন পর গতকাল সোমবার আনুষ্ঠানিক ঋণ চুক্তি সই করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ ও সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন চুক্তিতে সই করেন। এ বিষয় মনমোহন প্রকাশ উল্লেখ করেন, বাজেট সহায়তা আকারে এই অর্থ করোনার প্রভাব মোকাবিলায় ব্যবহার করা হবে। যাতে করে আর্থ-সামাজিক পুনরুদ্ধার প্রক্রিয়া দ্রুততর করা যায়। করোনা বিস্তারের পর অতি দ্রুত মাত্র ১ মাসেরও কম সময়ে এই ঋণ চুক্তি সম্পন্ন করা হলো। তিনি আশা প্রকাশ করে বলেন, করোনা মোকাবিলায় দরিদ্র্য ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী এবং ব্যবসা-বাণিজ্যে সহায়তা করে বাংলাদেশ অতি দ্রুত উচ্চ প্রবৃদ্ধির পথে ফিরে আসবে বলে আমি বিশ্বাস করি।
এডিবির এই অর্থে সামাজিক নিরপত্তা কর্মসূচিতে ব্যয় হবে। ফলে বাংলাদেশের দেড় কোটি মানুষ উপকৃত হবে। এই ঋণের অর্থে রপ্তানিমুখী শিল্পের দেড় লাখ শ্রমিকদের বেতন-ভাতা দেওয়ায় ব্যবস্থা করা হবে। এছাড়া সরকারি হাসপাতালের ডাক্তার, নার্স এবং স্বাস্থ্য কর্মীদের বিশেষ সম্মানী বাবদ ব্যয় করা হবে। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে এই অর্থ ব্যয় করা হবে। বর্তমান পরিস্থিতিতে সরকারি ভাবে কমপক্ষে ২০ লাখ দরিদ্র পরিবারের প্রত্যেককে নগদ ২ হাজার টাকা সহয়তা, ১০ লাখ পরিবারকে প্রতি মাসে ২০ কেজি করে চাল দেওয়ার কর্মসূচি নিয়েছে সরকার। এই কর্মসূচি বাস্তবায়নে এডিবির ঋণ ব্যবহার করা হবে।