ফল প্রত্যাখ্যান, নির্দলীয় সরকারের অধীনে পুনর্নির্বাচন চায় ঐক্যফ্রন্ট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যায়িত করে অবিলম্বে এই নির্বাচন বাতিল করতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। একইসঙ্গে নির্বাচনের ‘কথিত’ ফলাফল প্রত্যাখ্যান করে যতদ্রুত সম্ভব নির্দলীয় সরকারের অধীনে পুনঃনির্বাচন দাবি করেছেন ফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। ভোটগ্রহণ শেষে গতকাল রবিবার রাতে তিনি তার বেইলি রোডের বাড়িতে সংবাদ সম্মেলনে তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় এই দাবি জানান।

সংবাদ সম্মেলনের আগে ড. কামালের বাড়িতে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা জরুরি বৈঠকে বসেন। ড. কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী; গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু ও প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে ড. কামাল বলেন, ‘এটা আজকে আমাদের প্রাথমিক প্রতিক্রিয়া। আগামীকাল (আজ সোমবার) আমরা বৈঠক করে পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেব।’ একই কথা বলেন জেএসডি সভাপতি আ স ম রবও।

‘আপনারা তো নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করলেন, যদি ঐক্যফ্রন্টের কোনো কোনো প্রার্থী জয়লাভ করে-তাহলে সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি হবে?’- এই প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, ‘আমরা এই নির্বাচনটাই রিজেক্ট করছি, ফল তো করছিই। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে চেষ্টা আমাদের, সেটা অব্যাহত থাকবে।’ এসময় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল বলেন, ‘আমরা পুরো নির্বাচনটাই প্রত্যাখ্যান করছি, এর কথিত পুরো ফলও রিজেক্ট করছি।’

আরেক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, কোনো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়-এটা এই প্রহসনের নির্বাচনের মাধ্যমে প্রমাণ হলো। আর ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে আমাদের অংশ না নেওয়ার সিদ্ধান্ত যে সঠিক ছিল সেটিও এবার প্রমাণ হলো।’ এসময় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘দলীয় সরকারের অধীনে কখনও সুষ্ঠু নির্বাচন হয় না।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ড. কামাল বলেন, ‘ভোট দেওয়ার জন্য সমগ্র দেশবাসী যখন প্রস্তুত, তখনই আমরা দেশের বিভিন্ন নির্বাচনী এলাকা থেকে একের পর এক খবর পাই যে, গতকাল (শনিবার) রাতেই আওয়ামী দুর্বৃত্তরা এবং নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের সহায়তায় নৌকা মার্কায় সিল মেরে বাক্স ভরে রাখে।’ তিনি বলেন, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। দেশের প্রায় সব আসন থেকেই একইরকম ভোট ডাকাতির খবর এসেছে। ফলে আমাদের শতাধিক প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।

ঐক্যফ্রন্টের আহ্বায়ক বলেন, প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের দেওয়া আশ্বাস ও প্রতিশ্রুতির উপর বিশ্বাস করে জাতীয় ঐক্যফ্রন্ট অতীতের শত তিক্ত ও ভয়াবহ অভিজ্ঞতা সত্ত্বেও অনেক আশা নিয়ে নির্বাচনে অংশ নেয়। আমাদের আশ্বস্ত করা হয়েছিল, তফসিল ঘোষণার পরে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী, নেতা-কর্মীদের হয়রানি করা হবে না। মিথ্যা ও গায়েবি মামলা দায়ের কিংবা গ্রেফতার করা হবে না। কিন্তু তফসিল ঘোষণার পর থেকে আওয়ামী সন্ত্রাসী বাহিনীর দেশব্যাপী ব্যাপক হামলায় ১৭ প্রার্থী আহত এবং প্রায় ১৪ হাজার নেতা-কর্মী ও সমর্থক আহত হন। পাইকারি হারে মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে প্রায় ১১ হাজার নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ১৮ জন প্রার্থী কারাগারে থেকে নির্বাচনে অংশ নেন। লিখিত বক্তব্যে ড. কামাল দেশের বিভিন্ন কেন্দ্রে ঐক্যফ্রন্টের প্রার্থীদের ঢুকতে না দেওয়া, বের করে দেওয়া, ইভিএম সঠিকভাবে কাজ না করার ও ভোট প্রদানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা দেওয়াসহ নানা অনিয়ম তুলে ধরেন।

এদিকে গতকাল ভোগ্রহণ চলাকালে দুপুরে বেলা একটার দিকে রাজধানীর মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ড. কামাল বলেছেন, আমি কারও মুখে কোনো আনন্দ উল্লাস দেখছি না। যেটা হওয়া উচিত ছিল। যে খবর পাচ্ছি তা উদ্বেগজনক। মিনিটে মিনিটে চারদিক থেকে ফোন আসছে। দুঃখের সঙ্গে জানাচ্ছি, স্বাধীনতার ৪৭ বছর পরও এমন অবস্থা! আমার আশা ছিল, অন্তত কোনো একটা কেন্দ্র থেকে কেউ বলবে সুন্দর নির্বাচন হয়েছে। কিন্তু সেরকম কোনো খবর আমি পাইনি।’

দেশের জন্য বড় ক্ষতি হয়ে গেল : মির্জা ফখরুল

এর আগে গতকাল সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই নির্বাচন জাতির জন্য নিষ্ঠুর প্রহসন। দেশের জন্য বড় ক্ষতি হয়ে গেল। এতে নির্বাচনী প্রতিষ্ঠান ও প্রশাসনের ওপর মানুষের আর আস্থা থাকবে না।

অনাচারের নির্বাচন :রিজভী

এদিকে নির্বাচনকে ‘অনাচারের’ নির্বাচন বলে আখ্যায়িত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, ক্ষমতাসীন দল আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় দেশজুড়ে ভোটের ফল নিজেদের অনুকূলে নিয়েছে। এ নির্বাচন যে কত মর্মস্পর্শী, মর্মঘাতী, সেটির নমুনা আপনারা দেখছেন। গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ে একাদশ নির্বাচনে ভোট গ্রহণের সার্বিক পরিস্থিতি বিষয়ে আয়োজিত তিন দফা সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী আহমেদ।