করোনা ভাইরাসের কারণে অর্থনীতিতে ধস ঠেকাতে ভ্যাট তিন গুণ করেছে সৌদি আরবের সরকার। তেল সমৃদ্ধ সোদি আরবের অর্থনীতি মহামারির কারণে তীব্র সংকটে পড়েছে। বিশ্বে তেলের চাহিদা কমে যাওয়ার পাশাপাশি তেলের দামও পড়ে গেছে অনেক। খবর বিবিসির
সৌদি সরকার দেশটিতে মূল্যসংযোজন কর (ভ্যাট) তিন গুণ বাড়ানোর ঘোষণা দিয়েছে। এর পাশাপাশি সরকারি কর্মচারীদের যে মহার্ঘ্য ভাতা দেওয়া হতো, সেটি বন্ধ রাখা হচ্ছে। সৌদি আরবে মূল্যসংযোজন কর চালু করা হয়েছিল মাত্র দুই বছর আগে। মূলত তেল বিক্রির অর্থের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমাতে সৌদি সরকার এই সিদ্ধান্ত নিয়েছিল। তবে অন্য অনেক দেশের তুলনায় এই করের পরিমাণ ছিল বেশ কম, মাত্র ৫ শতাংশ। এখন এক লাফে সৌদি আরবে মূল্যসংযোজন কর তিন গুণ বাড়িয়ে করা হচ্ছে ১৫ শতাংশ। জুলাই মাস থেকে এই বর্ধিত হারে কর দিতে হবে। আর সরকারি কর্মচারীদের তাদের সংসার খরচ চালানোর জন্য যে ভাতা দেওয়া হয়, সেটি জুন মাস থেকেই বন্ধ করে দেওয়া হচ্ছে। দেশটিতে সরকারি কর্মচারীদের মাসে ১ হাজার রিয়াল (২২ হাজার ৬৮৩ টাকা) করে ভাতা দেওয়া হতো। ২০১৮ সালে সরকার এই ভাতা চালু করেছিল তেলের দাম বৃদ্ধি এবং কর বৃদ্ধির কারণে যাতে সরকারি কর্মচারীরা দুর্ভোগে না পড়ে।
সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান এক বিবৃতিতে বলেছেন, এসব পদক্ষেপ হয়তো খুবই কষ্টকর, কিন্তু স্বল্প ও দীর্ঘ মেয়াদে সৌদির আর্থিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে তা খুব প্রয়োজন। সৌদি সরকারের ব্যয় আয়ের তুলনায় ক্রমশই বাড়ছে। শুধু এ বছরের প্রথম তিন মাসেই বাজেট ঘাটতি বেড়ে গেছে ৯০০ কোটি ডলার। তেলের দাম যেভাবে বিশ্ববাজারে পড়ে গেছে, সেটাই এর কারণ। এ বছরের প্রথম তিন মাসে তেল বিক্রি থেকে সৌদির রাজস্ব এসেছে ৩ হাজার ৪০০ কোটি ডলার। এটি আগের বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ কম।