মাধবপুরে সড়ক দুর্ঘটনায় কৃষি কর্মকর্তার মৃত্যু

ঢাকা সিলেট মহাসড়কের নোয়াপাড়া এলাকায় সোমবার দুপুরে মোটর সাইকেল নিয়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ট্রাকের চাপায় নোয়াপাড়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হারুন-অর-রশিদ (৩৭) নিহত হয়েছেন।

নিহত হারুন রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার শেরুডাংগা গ্রামের আবুল কাশেম মিয়ার ছেলে।

মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, হারুন উপজেলার নয়াপাড়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কর্মকর্তা ছিলেন। দুপুর ১টার দিকে তিনি উপজেলা কৃষি অফিস থেকে নোয়াপাড়া ইউনিয়ন অফিসে যাওয়ার জন্যে মোটরসাইকেল যোগে রওয়ানা দেন। নোয়াপাড়া ইউনিয়ন অফিসের কাছে রাস্তা পারাপারের সময় সিলেট অভিমুখী দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এসময় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাধবপুর থানার ওসি(তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এমআর