করোনায় মৃত্যুর সব দায় সরকারের :রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার করোনা মোকাবিলায় চারদিক থেকে ব্যর্থ হয়েছে। সরকারের এই ব্যর্থতায় সাংবাদিক মারা যাচ্ছে; চিকিত্সক মারা যাচ্ছে, সাধারণ মানুষ মারা যাচ্ছে এবং প্রতিদিন লাশের সারি দীর্ঘ হচ্ছে। করোনায় মৃত্যুর সব দায় সরকারের; এই দায় তাদের নিতে হবে।

গতকাল সোমবার বিএনপির উদ্যোগে টঙ্গী বাজার এলাকায় ত্রাণ বিতরণ কর্মসূচির প্রধান অতিথির বক্তৃতায় রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, আমরা আজকে যারা এখানে উপস্থিত আছি, আগামীকাল আমরা কে মরি কে বাঁচি এর কোনো নিশ্চয়তা নাই। অথচ এই সরকার অত্যন্ত ভালো আছে। এই সরকারের মন্ত্রীরা ভালো আছেন। তারা অনেক নিরাপত্তার মধ্যে আছেন। সুতরাং তাদের জনগণ নিয়ে; মানুষ নিয়ে এতো ভাবনার তো দরকার নেই। এই কারণেই আজকে যারা কথা বলছেন, যারা তাদের সমালোচনা করছেন তারা এই সরকারের রোষানলের শিকার হচ্ছেন।

রিজভী বলেন, আজকে সাংবাদিককে সত্য কথা বলার জন্য পিঠমোড়া করে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। অথচ বেশ কয়েকজন সাংবাদিক করোনায় মারা গেছেন। এই যে বিষয়গুলো এগুলো লেখা যাবে না। সামাজিক মাধ্যমে এগুলো বলা যাবে না, আর বললে পরিণতি হবে কাজলের মতো। এই যদি পরিস্থিতি হয়; তাহলে সরকারের সমালোচনা কে করবে না।