দরিদ্রদের জন্য সাহায্যের জন্য টাকা বিতরণের সময় এক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে তিন লাখ টাকা ছিনতাই হয়েছে। এ সময় ছিনতাইকারীরা তার মোটরসাইকেল ভাংচুর করে তিন লাখ টাকা নিয়ে চম্পট দেয়। গতকাল সোমবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের পাহাড়পুর এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার পুলিশ সূত্র জানা যায়, হংকং শাখার আওয়ামী লীগের সভাপতি ও মির্জাপুর উপজেলা আওয়ামী লীগেরসহ সভাপতি শিল্পপতি মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী লিটন তার ব্যক্তিগত উদ্যোগে পৌরসভাসহ ১৪ ইউনিয়নের ২ হাজার করোনা ভাইরাসের প্রকোপে এলাকার কর্মহীন ও দরিদ্র পরিবারের মাঝে নগদ ১০ লাখ টাকা বিতরণ করছেন।
আজ মঙ্গলবার ছিল ভাদগ্রাম ইউনিয়নে কর্মহীন ও দরিদ্রদের মধ্যে জন প্রতি নগদ ৫০০ টাকা বিতরণ। গতকাল সোমবার বিকেলে ছাত্রলীগ নেতা টুটুল চৌধুরী মোটরসাইকেল নিয়ে এক হাজার টাকা নোটের তিন লাখ টাকার ব্যান্ডিল ৫০০ টাকার নোট ভাঙ্গানোর (খুচরা করার) জন্য মির্জাপুর সদরে তার আত্মীয় মো. আনোয়ার হোসেনের নিকট আসছিল।
মোটরসাইকেলটি পাহাড়পুর আসামাত্র হানু, হুমায়ুন ও জাহাঙ্গীরসহ ৪-৫জন ছিনতাইকারী রাস্তায় মোটরসাইকেলের গতিরোধ করে ছাত্রলীগ নেতা টুটুল চৌধুরীকে পিটিয়ে ও মোটরসাইকেল ভাংচুর করে তিন লাখ টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয়। টুটুল চৌধুরী কয়েকজন ছিনতাইকারীর নাম উল্লেখ্য করে ঘটনাটি মির্জাপুর থানাকে লিখিত আকারে অভিযোগ দেন। অভিযোগের পর পুলিশ রাতেই হানু নামে এক ছিনতাইকারীকে আটক করে। তবে ছিনতাইকৃত টাকা উদ্ধার করতে পারেনি।
এদিকে, স্থানীয় কিছু মাতাব্বর রাতে থানায় এসে ছিনতাইকৃত টাকা ফেরত দিবে এই শর্তে ছিনতাইকারী হানুকে ছাড়িয়ে নিয়ে গেছে। এলাকার দাগী ছিনতাইকারীকে ছাড়িয়ে নেওয়ায় এলাকায় বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে ছাত্রলীগ নেতা টুটুল চৌধুরী বলেন, ঘটনার পর পুলিশ এক ছিনতাইকারীকে আটক করেন। পরে স্থানীয় কিছু মাতাব্বর টাকা ফেরত ও ছিনতাইকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন এই শর্তে থানা থেকে তাকে ছাড়িয়ে নিয়ে গেছেন।
ইত্তেফাক/আরকেজি