স্পোর্টস ডেস্ক
রজার ফেদেরার ও রাফায়েল নাদালের লড়াইকে বলা যায় টেনিস ইতিহাসের সবচেয়ে আকর্ষণীয় দ্বৈরথ। দুই জনের শ্রেষ্ঠত্বের লড়াই টেনিস খেলাটাকেই তুলে নিয়েছে নতুন উচ্চতায়। দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স ক্রিকেটে এই জায়গা দুটি দিলেন বিরাট কোহলি আর স্টিভেন স্মিথকে।
এবি ডি ভিলিয়ার্স মনে করেন, কোহলি ও স্মিথকে অবশ্য ক্রিকেটের সর্বকালীন লড়াইয়ে সেই একই পর্যায়ে রাখা যায় না, তবে গত কয়েক বছরে এই দুই জনও ব্যাটসম্যানশিপকে দিয়েছেন নতুন মাত্রা। কোহলি আর স্মিথের মধ্যে একজনকে বেছে নেওয়া সম্ভবত এখন ক্রিকেটের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। ডি ভিলিয়ার্স সেই কঠিন কাজ থেকে শেষ পর্যন্ত উদ্ধার পেয়েছেন টেনিসের তুলনা দিয়ে। কোহলিকে বলেছেন রজার ফেদেরারের মতো, আর স্মিথকে বানালেন রাফায়েল নাদাল!
সাবেক জিম্বাবুয়ে পেসার ও এখনকার জনপ্রিয় ধারাভাষ্যকার পমি এমবাংওয়া যখন জিজ্ঞেস করলেন, কোহলি ও স্মিথের মধ্যে সেরা কে? ডি ভিলিয়ার্স বেছে নিলেন নিরাপদ পথ। তিনি বলেন, ‘খুবই কঠিন ব্যাপার, বিরাট নিশ্চিতভাবেই বেশি সহজাত বল-স্ট্রাইকার, এটি নিয়ে কোনো সংশয় নেই। টেনিসের বাস্তবতা দিয়ে যদি বোঝাতে চাই, বিরাট অনেকটা ফেদেরারের মতো, রাফায়েল নাদালের মতো স্মিথ।’
তিনি আরো বলেন, ‘স্মিথ মানসিকভাবে খুবই শক্ত এবং কোনো না কোনোভাবে রান করার পথ বের করে ফেলে। তাকে দেখলে সহজাত মনে হয় না, কিন্তু শেষ পর্যন্ত রেকর্ড গড়ে যাচ্ছে এবং ক্রিজে অসাধারণ খেলে চলেছে। মানসিকতার কথা ভাবলে, স্মিথ আমার দেখা সব সময়ের সেরাদের একজন। বিরাট তো দুনিয়ার সব প্রান্তে রান করেছে এবং চাপের মধ্যে অনেক ম্যাচ জিতিয়েছে।’
আরেকটি কঠিন প্রশ্ন্নও ছিল ডি ভিলিয়ার্সের কাছে, শচিন টেন্ডুলকার ও কোহলির তুলনা। ডি ভিলিয়ার্সের মতে, টেন্ডুলকার সবার জন্যই আদর্শ, তবে একটি জায়গায় এগিয়ে কোহলি। বললেন, ‘শচিন আমাদের দুই জনের জন্যই আদর্শ। তার সময়ে তিনি নিজেকে যেভাবে উপস্থাপন করেছেন, যত কিছু অর্জন করেছেন এবং যে নান্দনিকতায় তিনি সবকিছু করেছেন, সবার জন্যই তা দারুণ উদাহরণ। আমি মনে করি, বিরাটও এটি বলবে যে শচিন আমাদের সবার জন্যই মানদণ্ড নির্ধারণ করে দিয়েছেন।’
বিরাটের প্রসঙ্গে তিনি বলেন, ‘তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি, রান তাড়ায় বিরাট আমার জীবনে দেখা সেরা। শচিন সব সংস্করণে এবং সব পরিস্থিতিতেই অসাধারণ ছিলেন, কিন্তু রান তাড়ায় বিরাটই সেরা।’