ইত্তেফাক রিপোর্ট
আসছে ২০২০-২১ অর্থবছরের জন্য ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) খসড়া চূড়ান্ত করছে পরিকল্পনা কমিশন। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল (জিওবি) থেকে ১ লাখ ৩৪ হাজার ৬৪৩ কোটি টাকা ও বৈদেশিক সহায়তা থেকে ৭০ হাজার ৫০১ কোটি টাকা খরচ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চলতি ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত এডিপির তুলনায় ১২ হাজার ২২৪ কোটি টাকা বেশি ধরা হয়েছে নতুন এডিপির আকার। চলতি মাসের শেষের দিকে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে এটি চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। গতকাল মঙ্গলবার পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সভাপতিত্বে এনইসি সম্মেলন কক্ষে কমিশনের বর্ধিত সভায় নতুন এ এডিপির খসড়া উত্থাপন করা হয়। পরিকল্পনা কমিশন সূত্র জানায়, করোনা ভাইরাসের কারণে থমকে গেছে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন। তাই আগামী অর্থবছরে নতুন প্রকল্পের চেয়ে চলমান প্রকল্পগুলো শেষ করার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এজন্য প্রকল্প সংখ্যা কমানো হয়েছে। তাছাড়া এবার বৈদেশিক সহায়তা ব্যবহারের লক্ষ্যও কমে এসেছে।
নতুন এডিপিতে বরাদ্দসহ অনুমোদিত প্রকল্প যুক্ত হচ্ছে ১ হাজার ৫৮৮টি (স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ছাড়া)। চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে এর পরিমাণ ছিল ১ হাজার ৭৪৪টি। ফলে নতুন অর্থবছরে প্রকল্প সংখ্যা কমছে ১৫৬টি। তবে করোনা বিবেচনায় আগামী অর্থবছরে স্বাস্থ্য ও কৃষিখাতে সংশোধিত এডিপির তুলনায় বরাদ্দ বাড়ানো হচ্ছে। স্বাস্থ্যখাতে বরাদ্দ দেওয়ার প্রস্তাব করা হয়েছে ১৩ হাজার ৩৩ কোটি টাকা। চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে এ খাতে বরাদ্দ রয়েছে ১০ হাজার ১০৮ কোটি টাকা। এডিপিতে কৃষিখাত পাচ্ছে ৮ হাজার ৪২৪ কোটি টাকা। চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে এ খাতে বরাদ্দ রয়েছে ৬ হাজার ৬৭২ কোটি ১১ লাখ টাকা। তুলনামূলক বরাদ্দ বাড়ছে ১ হাজার ৭৫১ কোটি ৮৯ লাখ টাকা। এছাড়া এডিপিতে চলতি বছরের ধারাবাহিকতায় সর্বোচ্চ বরাদ্দ থাকছে পরিবহন খাতে প্রায় ২৫ দশমিক ২৫ শতাংশ, টাকার হিসাবে ৫২ হাজার ১৮৩ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ভৌত অবকাঠামো খাতে ২৫ হাজার ৭৯৫ কোটি টাকা। তৃতীয় সর্বোচ্চ বিদ্যুত্ খাতে ২৪ হাজার ৮০৪ কোটি টাকা ও চতুর্থ সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে শিক্ষাখাতে ২৩ হাজার ৩৯০ কোটি টাকা।
উল্লেখ্য, চলতি ২০১৯-২০ অর্থবছরের মূল এডিপির আকার ছিল ২ লাখ ২ হাজার ৭২১ কোটি টাকা (স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বরাদ্দ বাদে)। পরে সংশোধনের মাধ্যমে এডিপির আকার হয় ১ লাখ ৯২ হাজার ৯২১ কোটি টাকা। সে হিসাবে ২০২০-২১ অর্থবছরে বরাদ্দ বাড়ছে ১২ হাজার ২২৪ কোটি টাকা। তবে এবার করোনার প্রভাবে এডিপিতে কমছে বৈদেশিক সহায়তার বরাদ্দ। নতুন এডিপিতে বরাদ্দ ধরা হচ্ছে ৭০ হাজার ৫০১ কোটি ৭২ লাখ টাকা। চলতি অর্থবছরের মূল এডিপিতে এর পরিমাণ ছিল ৭১ হাজার ৮০০ কোটি টাকা।