নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রপ্তানিমুখী স্পিনিং মিলে গতকাল রবিবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে তুলা, সুতা, মেশিনারিসহ মালপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তবে কারও হতাহতের সংবাদ পাওয়া যায়নি। গতকাল উপজেলার কাতরার চক এলাকার নান্নু স্পিনিং মিলে ঘটে এ অগ্নিকাণ্ডের ঘটনা।
শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, নান্নু স্পিনিং মিলে কয়েক হাজার শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন। গতকাল বেলা পৌনে ১১টার দিকে হঠাত্ করে মিলের এক পাশে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে তুলা ও সুতায় আগুন ছড়িয়ে পড়ে। এসময় মিলে কর্মরত শ্রমিকরা বাইরে চলে আসেন। এক পর্যায়ে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া ১০০ থেকে ২০০ ফুট ওপরে উঠে যায়। এসময় আশ-পাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আড়াইহাজার থানা, ডেমড়া, হাজীগঞ্জ, কাঞ্চন ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামসহ সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুনে মিলের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা কর্তৃপক্ষ জানাতে পারেনি।
এদিকে, আগুন লাগার সুযোগে একটি চোর চক্র মিলের ভেতরে ঢুকে লুটপাট শুরু করে বলে অভিযোগ করেন মিল কর্তৃপক্ষ। এতে বাধা দিলে মিলের দায়িত্বরত কর্মকর্তা মিল্কি চাকমার উপর হামলা চালানো হয়। এক পর্যায়ে মিলের একটি প্রাইভেট কার ভাঙচুর করে ওই চক্রটি। পরে পুলিশ ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
মিলের নির্বাহী কর্মকর্তা শিপলু জানান, মিলের কিছু অংশ চালু ছিল। তারা নির্বাচনী কাজে ব্যস্ত ছিলেন। হঠাত্ করে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তারা। তাত্ক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। তবে সময় মতো শ্রমিক-কর্মচারীরা মিল থেকে বের হয়ে যাওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।