এক মাস পর আবারও ভাইরাসের উপস্থিতি ও ক্লাস্টার সংক্রমণ ধরা পড়েছে
উহানের প্রত্যেকটি জেলা কর্তৃপক্ষকে আগামী ১০ দিনের
মধ্যে সব বাসিন্দার করোনা পরীক্ষা কীভাবে সম্পন্ন
হবে, সেই ব্যাপারে একটি পরিকল্পনা সরকারের
কাছে জমা দেওয়ার নির্দেশ
দেওয়া হয়েছে
g বিবিসি
উত্পত্তিস্থল উহানে আবারও করোনা ভাইরাস ফিরে আসায় সেখানকার প্রায় ১ কোটি ১০ লাখ বাসিন্দার সবারই করোনা পরীক্ষার পরিকল্পনা করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে করোনা পরীক্ষার এই কার্যক্রম শুরু হবে। গত এক মাসের বেশি সময় ধরে উহানে করোনার নতুন কোনো রোগী শনাক্ত না হলেও, হঠাত্ করেই গত রবিবার থেকে সেখানে ফিরেছে এই ভাইরাস।
উহানের স্থানীয় সরকারের একটি নির্দেশনার বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো বলেছে, উহানের প্রত্যেকটি জেলা কর্তৃপক্ষকে আগামী ১০ দিনের মধ্যে সব বাসিন্দার করোনা পরীক্ষা কীভাবে সম্পন্ন হবে, সেই ব্যাপারে একটি পরিকল্পনা সরকারের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তাদের ঝুঁকিপূর্ণ গোষ্ঠীকে শনাক্ত করে অগ্রাধিকারের ভিত্তিতে করোনা পরীক্ষার নির্দেশনা দেওয়া হয়েছে। চীনের মধ্যাঞ্চলের হুবেই প্রদেশের উহানে টানা ৩৫ দিন ধরে কোনো করোনা রোগী শনাক্ত হননি। কিন্তু গত রবিবার এবং সোমবার সেখানে স্থানীয়ভাবে ছয় জন করোনা সংক্রমিত হয়েছে। নতুন সংক্রমিত এই ছয় রোগী উহানের একটি আবাসিক ভবনের বাসিন্দা। করোনা ভাইরাসের উত্পত্তিস্থল চীনের উহানে এক মাস আগে লকডাউন উঠে যাওয়ার পর সেখানে আবার ‘ক্লাস্টার’ বা গুচ্ছ আকারে সংক্রমণ ধরা পড়েছে। সোমবার উহানে নতুন পাঁচ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর আগের দিন রবিবার সেখানে গত ৩ এপ্রিলের পর প্রথম এক জনের কোভিড-১৯ ধরা পড়ে। সংক্রমণের নতুন খবরে শহরটিতে আবার ভাইরাসটির প্রকোপ বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
উহানে নতুন আক্রান্তের প্রত্যেকেই ছিলেন ‘উপসর্গহীন’। পরীক্ষায় তাদের দেহে ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তাদের কাছ থেকে অন্যরাও সংক্রমিত হওয়ার ঝুঁকি আছে। কিন্তু তাদের কারো মধ্যেই রোগের লক্ষণ দেখা যায়নি। গত বছরের ডিসেম্বরে এই উহানেই প্রথমবারের মতো নভেল করোনা ভাইরাস সংক্রমণ শুরু হয়। করোনার বিস্তার ঠেকাতে বিশ্বের প্রথম শহর হিসেবে উহানে লকডাউন ঘোষণা করা হয়। একই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় হুবেই প্রদেশের আরো বেশ কয়েকটি শহরে। উহানে কঠোর কোয়ারেন্টাইন, গণহারে পরীক্ষাসহ নানা ধরনের ব্যবস্থা নিয়ে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ একেবারে শূন্যের কোঠায় নিয়ে আসতে সক্ষম হয় চীন। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় গত ৮ এপ্রিল উহানের লকডাউন প্রত্যাহার করে নেওয়া হয়।