দক্ষিণ কোরিয়ায় একটি নাইট ক্লাব থেকেই আক্রান্ত শতাধিক

বিবিসি

দক্ষিণ কোরিয়ায় একটি নাইট ক্লাব থেকেই শতাধিক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। কমপক্ষে করোনা সংক্রমণের ১০১টি ঘটনার সঙ্গে ওই নাইট ক্লাবের সম্পৃক্ততা পাওয়া গেছে। রাজধানী সিউলের মেয়র পার্ক ওন সুন এ তথ্য নিশ্চিত করেছেন।

ঐ নাইট ক্লাবকে করোনার ক্লাস্টার হিসেবে উল্লেখ করেছেন মেয়র পার্ক ওন। গত কয়েক দিনে যত জন নতুন করে আক্রান্ত হয়েছেন তাদের বেশির ভাগের সঙ্গেই ঐ নাইট ক্লাবের সম্পৃক্ততা খুঁজে পাওয়া গেছে। ফলে দেশটিতে দ্বিতীয় ধাপে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। পার্ক ওন জানিয়েছেন, ঐ নাইট ক্লাবে যাতায়াত করেছেন এমন ব্যক্তি এবং এসব ব্যক্তি যাদের সংস্পর্শে এসেছেন, এমন ৭ হাজার ২৭২ জনের করোনার পরীক্ষা করা হয়েছে। সাম্প্রতিক সময়ে সংক্রমণের বিস্তার ঠেকাতে বিভিন্ন ক্লাব এবং বিনোদনকেন্দ্রে যাওয়া লোকজনকে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

এদিকে দক্ষিণ কোরিয়ায় নতুন করে আতঙ্ক বাড়াচ্ছে উপসর্গহীন রোগীরা। দেশটিতে ইতিমধ্যেই উপসর্গহীন রোগীর হার ৩৬ শতাংশের বেশি। এই সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে। পার্ক ওন সতর্ক করে বলেছেন, দ্বিতীয় ধাপে সংক্রমণ আরো বেড়ে যেতে পারে। দক্ষিণ কোরিয়ায় মঙ্গলবার পর্যন্ত ১০ হাজার ৯৩৬ জন প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২৫৮ জন। ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছে নয় হাজার ৬৭০ জন। দেশটিতে করোনার ‘অ্যাক্টিভ কেস’ ১০০৮ জন এবং এর মধ্যে ৫৫ জনের অবস্থা আশঙ্কাজনক।