আনসার বাহিনীর ১৬১ জন করোনা ভাইরাসে আক্রান্ত

এক জনের মৃত্যু

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মোট ১৬১ জন করোনা ভাইরাস (কোভিড-১৯)-এ আক্রান্ত এবং এক জন আনসার সদস্য মারা গেছেন। ঐ সদস্যের নাম আব্দুল মজিদ। তার আইডি   নং-১৩১৮৯ ( জেলা - বগুড়া)।  তিনি অঙ্গীভূত হয়ে ভাটারা থানায় কর্মরত ছিলেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিত্সাধীন অবস্থায় গত ১১ মে দুপুরে তিনি মারা যান।

আনসার বাহিনী সূত্র জানিয়েছে, আক্রান্তদের মধ্যে রয়েছেন বাহিনীর উপমহাপরিচালক এক জন, ৬৪ জন ব্যাটালিয়ন আনসার, ৯৪ জন অঙ্গীভূত আনসার, এক জন মহিলা আনসার ও এক জন নার্সিং সহকারী।

আক্রান্তদের মধ্যে নিজ বাসায় কোয়ারেন্টাইনে রয়েছেন এক জন। প্রাতিষ্ঠানিক ও বিভিন্ন আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে রয়েছেন ৪৩৪ জন। ঢাকা মেডিক্যাল কলেজ   হাসপাতাল,  কুর্মিটোলা   জেনারেল   হাসপাতাল, কুয়েত   বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, সাজেদা মেডিক্যাল , ও রাজারবাগ পুলিশ   হাসপাতালসহ   দেশের   বিভিন্ন   হাসপাতালে   বাহিনীর   ১৫০   জন   সদস্য করোনা   উপসর্গ   নিয়ে   চিকিত্সাধীন   রয়েছেন। এ   যাবত্   করোনা   আক্রান্তদের   মধ্যে   থেকে   সুস্থ হয়েছেন মোট ১১ জন।

উল্লেখ্য, আক্রান্ত সদস্যদের মধ্যে ৫৮ জন ব্যাটালিয়ন আনসার জাতীয় সংসদ ভবনে এবং ৬৬ জন  অঙ্গীভূত  আনসার  সদস্য ঢাকা মহানগর  পুলিশের  সঙ্গে কর্মরত রয়েছে। এ ছাড়া বাকিদের কেউ সদর দপ্তর এবং কেউ বিভিন্ন জেলায় কর্মরত রয়েছেন।