সারা দেশে ভোট উত্সব হয়েছে :ইসি সচিব

সারাদেশে শান্তিপূর্ণ ও ব্যাপক অংশগ্রহণে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে উল্লেখ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে গতকাল রবিবার সন্ধ্যায় ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, সারাদেশে ভোট উত্সব হয়ে গেল। ২৯৯ আসনে নির্বাচন হয়েছে। এর মধ্যে ছয়টিতে ইভিএম-এ ভোট গ্রহণ হয়েছে। কিছু এলাকায় সহিংসতা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোটাররা।

তিনি বলেছেন, রবিবার সারা দেশে ২৯৯ আসনে মোট ৪০ হাজার ৫১টি কেন্দ্রে এ ভোট গ্রহণ হয়। সহিংসতার ঘটনায় ২৯টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এ হিসেবে বাতিল হওয়া কেন্দ্রের সংখ্যা ০.০৫ শতাংশের মতো। হেলালুদ্দীন আহমদ বলেন, মানুষের প্রত্যাশিত বড় ভোট উত্সব সম্পন্ন হয়েছে। কিছু জায়গায় সহিংতার ঘটনা ঘটেছে বলে কমিশনের নজরে এসেছে। কমিশন আইনশৃঙ্খলা বাহিনীকে প্রত্যেকটি সহিংসতার ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। নির্বাচনের পর প্রিজাইডিং অফিসারসহ সব নির্বাচন কর্মকর্তা যাতে ফল ও নির্বাচন সামগ্রী নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে ফিরে আসতে পারেন তার জন্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

গতকাল সারা দেশে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে স্বস্তিতে রয়েছেন নির্বাচন কমিশনাররা। ক্ষমতাসীন আওয়ামী লীগও সন্তুষ্টি প্রকাশ করেছে। যদিও ভোট ঘিরে সহিংসতায় দেশের ১১ জেলায় অন্তত ১৫ জন নিহত হওয়ার খবর এসেছে। অন্যদিকে বিএনপি সারা দেশে কেন্দ্র দখল, এজেন্ট বের করে দেওয়াসহ কারচুপির অভিযোগ এনেছে। বিভিন্ন আসন থেকে ধানের শীষের প্রার্থীদের ভোট বর্জনের ঘোষণা এসেছে।­