তুরাগে নিখোঁজ প্রকৌশলীর লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের (অঞ্চল-৭)  নির্বাহী প্রকৌশলী নিখোঁজের পর তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার বিকালে রাজধানীর উত্তরার তুরাগ থানা এলাকার একটি ঝোঁপ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত প্রকৌশলী দেলোয়ার হোসেন (৪৮) নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার আলাইয়াপুর এলাকার মৃত সোলায়মানের ছেলে। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর মিরপুরের ২ নম্বর সেকশনে থাকতেন। এ ঘটনায় নিহতের স্ত্রী খোদেজা আক্তার মঙ্গলবার তুরাগ থানায় মামলা করেছেন।

তুরাগ থানার এসআই মো.সফিউল আলম জানান, প্রকৌশলী দেলোয়ার মিরপুরের বাসা থেকে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের সিটি করপোরেশনের কোনাবাড়ি জোনে তার কর্মস্থলের  উদ্দেশ্যে রওনা হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সোমবার বিকাল চারটার দিকে উত্তরা ১৭ নম্বর সেক্টরের ৫ নম্বর ব্রিজের পশ্চিম দিকের ৮ নম্বর রোডের পাশের একটি জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মো. আমিনুল ইসলাম জানান, নিহত প্রকৌশলী দেলোয়ার হোসেন গাজীপুর সিটি করপোরেশনের (অঞ্চল-৭) কোনাবাড়ী আঞ্চলিক কার্যালয়ে কর্মরত ছিলেন।