গণমাধ্যমকর্মীদের পর্যাপ্ত সুরক্ষা দিতে মালিকদের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর

 ‘বিএনপির কথা শুনলে উদ্ভ্রান্তের

প্রলাপ মনে হয়’

ইত্তেফাক রিপোর্ট

করোনার সম্মুখযোদ্ধা হিসেবে গণমাধ্যমকর্মীদের কাজে পাঠানোর আগে পর্যাপ্ত স্বাস্থ্যসুরক্ষাসামগ্রী দেওয়ার জন্য প্রতিষ্ঠান মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সদস্যদের মধ্যে স্বাস্থ্যসুরক্ষাসামগ্রী বিতরণের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান। ড. হাছান মাহমুদ বলেন, সাংবাদিকরা করোনা মোকাবিলায় সম্মুখযোদ্ধা। প্রতিটি গণমাধ্যম প্রতিষ্ঠানপ্রধানদের প্রতি আমার বিনীত অনুরোধ, গণমাধ্যমকর্মীদের পর্যাপ্ত সুরক্ষাসামগ্রী দিয়ে তারপর কাজে পাঠানোর জন্য। তা না করা হলে করোনায় আক্রান্তের আশঙ্কা থাকে।

তথ্যমন্ত্রী আরো জানান, সব গণমাধ্যমের কর্মীদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়-বিএসএমএমইউতে করোনা টেস্টে ‘ফাস্ট ট্র্যাক’ বা অগ্রাধিকার সুবিধার জন্য তিনি যে অনুরোধ করেছিলেন, বিএসএমএমইউ তা কার্যকর করেছে। গণমাধ্যমকর্মীদের করোনা চিকিত্সায় শয্যা সংরক্ষণে সাংবাদিকদের অনুরোধে অন্য একটি হাসপাতালেও  কথা বলবেন বলে জানান মন্ত্রী। ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন—বিএফইউজে সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, জাতীয় প্রেসক্লাব সভাপতি সাইফুল আলম প্রমুখ। এ সময় কয়েক জন ডিইউজে সদস্যদের হাতে স্বাস্থ্যসুরক্ষাসামগ্রী হস্তান্তর করেন তথ্যমন্ত্রী।

সভা শেষে ‘করোনায় প্রত্যেক মৃত্যুর জন্য সরকার দায়ী’ বিএনপির এ মন্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, সত্যিকার অর্থে, রুহুল কবির রিজভী আহমেদসহ অনেক বিএনপি নেতাদের কথা শুনে সেগুলো উদভ্রান্তের প্রলাপের মতো মনে হয়। তিনি বলেন, আমি অপেক্ষায় আছি, বিএনপি নেতারা কখন বলবেন যে, করোনা ভাইরাসের জন্যও সরকার দায়ী!