মৃতের সংখ্যা বেড়ে ২৫০ নতুন শনাক্ত ৯৬৯

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে (কোভিড-১৯) আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট ২৫০ জনের প্রাণহানি হলো। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরো ৯৬৯ জন। সব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ হাজার ৬৬০ জন। গতকাল মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাসবিষয়ক নিয়মিত  লেথ বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আইসোলেশনে রয়েছেন। তার নমুনা নেওয়া হয়েছে পরীক্ষার জন্য। তিনি করোনায় আক্রান্ত কিনা তা স্পষ্ট করে কেউ কিছু বলতে পারছেন না।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস শনাক্তে আরো ৬ হাজার ৮৪৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৬ হাজার ৭৭৩টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১ লাখ ৩৬ হাজার ৬৩৮টি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ২৪৫ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ১৪৭ জন। নতুন করে যারা মারা গেছেন, তাদের সাত জন পুরুষ ও চার জন নারী। তিন জন পঞ্চাশোর্ধ্ব, পাঁচ জন ষাটোর্ধ্ব, দুই জন সত্তরোর্ধ্ব এবং এক জন ৮০ থেকে ৯০ বছর বয়সি।

গত সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়, করোনায় বিগত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। ৭ হাজার ২০৮টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৩৪ জনের দেহে, যা সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। সে হিসাবে আগের ২৪ ঘণ্টার তুলনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা খানিকটা কমলেও মৃত্যু হয়েছে সমান সংখ্যক মানুষের। গতকালের বুলেটিনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে আরো ১৫২ জনকে এবং বর্তমানে আইসোলেশনে রয়েছেন ২ হাজার ৩৬১ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৬৭ জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন ১ হাজার ২৫৬ জন।