স্কুলশিক্ষকসহ সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। সংবাদদাতাদের পাঠানো খবর—
সখীপুর (টাঙ্গাইল) : সখীপুরে রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের চাপায় রেজাউল ইসলাম (৫০) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। গতকাল সকালে সখীপুর-গোড়াই সড়কে উপজেলার বোয়ালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রেজাউল ইসলাম উপজেলার শোলাপ্রতিমা গ্রামের বাসিন্দা। তিনি বোয়ালী বিএলএস উচ্চ বিদ্যালয়ের সহকারী (ধর্মীয়) শিক্ষক। পুলিশ ঘাতক প্রাইভেটকার চালক পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনির হোসেনকে আটক করেছে।
ওসমানীনগর (সিলেট) : ওসমানীনগরে বালুভর্তি পিকআপ উলটে অজ্ঞাতনামা এক ব্যক্তি (৫৫) নিহত ও আরেক ব্যক্তি আহত হয়েছেন। গতকাল ভোরে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের ব্রাহ্মণ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত এবং আহত দুজনই পিকআপের যাত্রী বলে ধারণা করা হচ্ছে। পিকআপটি আটক করা গেলেও চালক পলাতক রয়েছেন।
বড়াইগ্রাম (নাটোর): বড়াইগ্রামে মহাসড়কের ভাঙ্গা অংশে সিএনজি চালিত থ্রি-হুইলার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আকবর আলী (৫৯) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত এবং চালকসহ তিনজন আহত হয়েছেন। গতকাল ভোরে বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের আইড়মাড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আকবর আলী জেলার বাগাতিপাড়া উপজেলার রহিমানপুর গ্রামের বাসিন্দা।