এশীয়-আমেরিকান এক সাংবাদিকের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে মঞ্চ ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা ভাইরাস নিয়ে একটি প্রশ্নকে কেন্দ্র করে চীনা বংশোদ্ভূত মার্কিন নাগরিক ও সিবিএস নিউজের হোয়াইট হাউজের সংবাদদাতা ভেইজিয়া জিয়াংয়ের সঙ্গে বিতর্কে জড়ান। তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তবে সাংবাদিকদের আর কোনো প্রশ্নের উত্তর না দিয়ে ক্ষুব্ধ হয়ে সংবাদ সম্মেলনের মঞ্চ ছেড়ে চলে যান ট্রাম্প। তার এই আচরণকে বর্ণবাদী বলেও আখ্যা দেওয়া হচ্ছে।—খবর সিএনএনের
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউজের রোজ গার্ডেনে সংবাদ সম্মেলনে আসেন প্রেসিডেন্ট ট্রাম্প। এসেই তিনি দেশে করোনা ভাইরাসের কত পরীক্ষা হয়েছে এবং এতে তিনি কত টাকা দিয়েছেন তা বলেন। তবে ভুল করে ১১ বিলিয়ন ডলারের স্থানে ১ বিলিয়ন ডলার বলেন। ট্রাম্প গর্বের সঙ্গে বলেন, দেশে ৯৭ লাখ করোনার পরীক্ষা করা হয়েছে। এরপরই ভেইজিয়া জিয়াং প্রশ্ন করেন, করোনা পরীক্ষাটা কেন বড়ো ব্যাপার হয়ে উঠছে যেখানে প্রতিদিনই অসংখ্যা মানুষ প্রাণ হারাচ্ছেন, এটা কেন বৈশ্বিক প্রতিযোগিতা? জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘বিশ্বের সব স্থানেই প্রাণ হারাচ্ছে মানুষ। সম্ভব এই প্রশ্নটা আপনাকে চীনকে করা উচিত। আমাকে না। চীনকে জিজ্ঞাসা করুন, ঠিক আছে?’ এরপর জিয়াং বলেন, স্যার, আপনি আমাকে কেন চীনকে জিজ্ঞাসা করতে বলছেন? উত্তরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, বিশেষভাবে আপনাকে না, যারা এ ধরনের নোংরা প্রশ্ন করেন তাদের সবাইকে বলছি।
জিয়াং বলেন, এটা কোনোভাবেই নোংরা প্রশ্ন নয়। এরপর প্রেসিডেন্ট ট্রাম্প অন্য সাংবাদিকদের প্রশ্ন করতে বলেন। পরে সিএনএনের সাংবাদিক কেইটলান কলিন্স বলেন, আমার দুটি প্রশ্ন আছে। উত্তরে ট্রাম্প বলেন, না। অন্য কেউ। এরপর তিনি ক্ষুব্ধ হয়ে মঞ্চ ছেড়ে ভেতরে চলে যান। তবে যাওয়ার আগে সবাইকে ধন্যবাদ দিয়ে যান। সংবাদ সম্মেলন শেষে জিয়াং টুইটারে লিখেন, রোজ গার্ডেনে প্রেসিডেন্টের সংবাদ সম্মেলনে খুবই, খুবই বাজে একটা ঘণ্টা কাটল। তাকে সমর্থন দিয়ে অনেক সাংবাদিক ট্রাম্পের এই আচরণকে বর্ণবাদী মন্তব্য করেছেন।