অনিয়ম হলে নির্বাচন কমিশন দেখবে—গওহর রিজভী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, নির্বাচনে কোনো অনিয়ম থাকলে নির্বাচন কমিশন তা খতিয়ে দেখবে। সেজন্য নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করতে হবে। ভোট গ্রহণ শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ৪৫ জন বিরোধীদলীয় প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেন। এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, দলের বা জোটের শীর্ষ নেতাদের সিদ্ধান্ত নয়।

গতকাল রবিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বিদেশি সাংবাদিকদের ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদও ব্রিফিংয়ে বক্তব্য রাখেন। গওহর রিজভী বলেন, নির্বাচনে কিছু সহিংসতা হলেও সার্বিকভাবে উত্সবমুখর পরিবেশেই নির্বাচন হয়েছে। নির্বাচনের আগে সরকার পুরো মাত্রায় অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিল। সবাই দেখেছে এত বেশি রাজনৈতিক দল এবারের নির্বাচনে অংশ নিয়েছে, যা অতীতে দেখা যায়নি। জনগণ স্বতঃস্ফুর্তভাবে ভোট দিয়েছে। এটা ছিল উত্সবের দিন। যদিও কিছু সহিংসতার ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১২ আওয়ামী লীগের, ৩ জন বিএনপির সমর্থক।

বিএনপির পোলিং এজেন্ট না থাকার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোট কেন্দ্রে পোলিং এজেন্টের উপস্থিতি নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট প্রার্থীর। সরকার বা নির্বাচন কমিশনের এক্ষেত্রে কিছুই করণীয় নেই।