গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক মাইক্রোবাস চালককে হাইওয়ে থানা পুলিশ মারধর করার অভিযোগে মঙ্গলবার দুপুর ১২টা থেকে প্রায় আধাঘণ্টাব্যাপী ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিহ্মুব্ধ পরিবহন শ্রমিকরা। গোবিন্দগঞ্জ উপজেলা শহরের মায়ামনি হোটেল এলাকায় সড়কে অবস্থান নিয়ে পরিবহন শ্রমিকরা এই অবরোধ করে। পরে এক পুলিশ সদস্যকে তাত্ক্ষণিক বগুড়া হাইওয়ে পুলিশ সুপার কার্যালয়ে ক্লোজ করা হলে অবরোধ প্রত্যাহার করে নেয় শ্রমিকরা। ক্লোজকৃত পুলিশ সদস্য হলেন, মো. হাবিব মিয়া। তিনি গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানী জানান, লকডাউন উপেক্ষা করে গাজীপুরের ফরিদপুর এলাকা থেকে একটি মাইক্রোবাস কয়েকজন যাত্রী নিয়ে রংপুরের দিকে যাচ্ছিল। পথে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার সামনে পুলিশ মাইক্রোবাসটিকে থামার জন্য সংকেত দেয়। কিন্তু মাইক্রোবাসটি পুলিশের সংকেত উপেক্ষা করে উলটো লেন ধরে দ্রুত পালিয়ে যাওয়ার সময় রোড ডিভাইডারের দুইটি খুঁটি ভেঙে ফেলে। পরে পুলিশের একটি পিকাপ ধাওয়া করে গোবিন্দগঞ্জ হিরোক মোড় এলাকায় ঐ মাইক্রোবাসটিকে আটক করে।