দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যেও যারা ত্রাণ নিয়ে দুর্নীতি করছে, তাদের প্রত্যেককেই আইনের মুখোমুখি হতে হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধীদের সামাজিক বা পেশাগত বা অন্য কোনো পরিচয় কমিশনের কাছে ন্যূনতম গুরুত্ব পাবে না। ত্রাণ নিয়ে দুর্নীতির বিষয়ে দায়েরকৃত মামলার অগ্রগতি নিয়ে দুদকের গোয়েন্দা ইউনিটের সঙ্গে পর্যালোচনাকালে দুদক চেয়ারম্যান একথা বলেন।
সার্বিক বিষয়ে দুদকের এসব কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, দুদক কর্মকর্তারা ঝুঁকি নিয়ে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন, যা প্রশংসার দাবি রাখে। তিনি আরো বলেন, ত্রাণ কার্যক্রমের শুরুতেই ত্রাণ আত্মসাতের পরিণতি সম্পর্কে কমিশন থেকে সতর্ক করা হয়েছিল। গণমাধ্যমও কমিশনের বক্তব্য ব্যাপকভাবে প্রচার করে। তারপরও কিছু দুর্নীতি-অনিয়ম-স্বজনপ্রীতির ঘটনা ঘটেছে। আমরা বলেছিলাম এসব অপরাধীর বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার নীতি অনুসরণ করবে কমিশন। এরই মধ্যে সরকারি ত্রাণসামগ্রী আত্মসাতে বেশ কিছু মামলা হয়েছে। এ জাতীয় অপরাধে যারা জড়িত তাদের প্রত্যেককেই আইনের মুখোমুখি হতে হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।
দুদকের জনসংযোগ বিভাগ জানায়, দুর্নীতি দমন কমিশন সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির ত্রাণসহ অন্যান্য সরকারি সুবিধা আত্মসাতের অভিযোগে এ পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় ১৫টি মামলা দায়ের করেছে। বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। মামলাগুলোর তদন্ত কার্যক্রম চলমান।