আগামী মাসে ব্রিটিশ রাজধানীতে ইংলিশ প্রিমিয়ার লিগ পুনরায় শুরুর ব্যাপারে লন্ডনের মেয়র সাদিক খান আগ্রহী নন। বিশেষ করে যেখানে যুক্তরাজ্যে প্রতিদিন শত শত মানুষ মারা যাচ্ছে করোনা ভাইরাসে। তার মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন মেয়র ইংলিশ প্রিমিয়ার লিগ ও শীর্ষ পর্যায়ের খেলাগুলো চালুর ব্যাপারে খুবই আগ্রহী । কিন্তু বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে, শত শত মানুষ মরছে তার পরিপ্রেক্ষিতে এটা তাড়াহুড়া হয়ে যাবে বলে মনে করেন তিনি। সরকার পহেলা জুন এর পর রুদ্ধদ্বার স্টেডিয়ামে খেলা চালুর ব্যাপারে সম্মতি দেয়ায় মাঠে গড়াতে পারে প্রিমিয়ার লিগ। মেয়রের দুশ্চিন্তার কারণ লন্ডন শহরেই আছে প্রিমিয়ার লিগের পাঁচটি দল। এ ক্লাব গুলোর মধ্যে চেলসি আর্সেনাল টটেনহ্যাম বিপুলভাবে জনপ্রিয়। মেয়র নিজে লিভারপুলের একজন সমর্থক। তার ক্লাব করোনা ভাইরাসের কারণে লিগ বন্ধ হওয়ার সময় শিরোপা জয়ের দ্বারপ্রান্তে ছিল।