কক্সবাজারে কাজে যোগদান করেছেন ২১ জন নতুন সহকারী সার্জন। ৩৯তম (বিশেষ) বিসিএসে উত্তীর্ণ হয়ে প্রথম কর্মস্থল হিসেবে কক্সবাজারে নিয়োগ পেয়েছেন তারা। তবে এটি জেলার স্বাস্থ্য বিভাগের জন্য মাইলফলক হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নতুন নিয়োগ পাওয়া ডাক্তারগণ গত ১২ মে কক্সবাজার যোগদানের মাধ্যমে তাদের কাজ শুরু করেন।
এদিকে, নতুন সহকারী সার্জনদের জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে এ উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. মাহবুবুর রহমান। নবাগত সহকারী সার্জনদের উদ্দেশ্যে তিনি বলেন, চাকুরীর জন্য নয়, মানবিকতা ও মানবসেবার লক্ষ্যে দায়িত্ব পালন করা একজন চিকিৎসকের ব্রতি হওয়া বাঞ্চনীয়।
কক্সবাজার সিভিল সার্জন অফিসে অনুষ্ঠেয় অভ্যর্থনায় মেডিকেল অফিসার ডা. সৌনম বড়ুয়া, প্রধান সহকারী মো. রফিকুল ইসলাম ও স্টেনোগ্রাফার মো. ওসমান গনিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ ভারতে বাড়ছে লকডাউনের মেয়াদ, আসছে নতুন নিয়ম
নতুন যোগ দেয়া কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রলীগের প্রথম সভাপতি ডা. রিপন চৌধুরী বলেন, শিক্ষা লাভের পাশাপাশি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করেছি। তাই বঙ্গবন্ধুর দেখানো পথে মানবতার জন্যই আগামীর জীবনটা উৎসর্গ করে যেতে আমরা বদ্ধপরিকর। আমাদের দায়িত্বপালনে সবার সহযোগিতা চাই।
এছাড়া, নবাগত সহকারী সার্জনরা রামু, চকরিয়া ও উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে সিভিল সার্জন অফিস থেকে ।
ইত্তেফাক/এমএএম