জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের গোপিনাথপুর হেলথ অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে স্থাপিত আইসোলেশন ওয়ার্ড থেকে করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরল আরো ১১ জন। এ নিয়ে জেলায় করোনা যুদ্ধে জয়লাভ করল ১৫ জন। বুধবার সকালে সিভিল সার্জন ডা. সেলিম মিঞা এ তথ্য জানান।
সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, জেলায় প্রথম দিকে করোনা ভাইরাসে আক্রান্ত ১১ জনের দ্বিতীয় দফা নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় তাদেরকে করোনা মুক্ত বলে ঘোষণা করে বুধবার সকালে গোপিনাথপুর হেলথ অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের আইসোলেশন থেকে ছাড়পত্র দেয় স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
এ নিয়ে জেলায় করোনা যুদ্ধে জয়লাভ করে বাড়ি ফিরল ১৫ জন। জেলায় মঙ্গলবার পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে চিকিত্সাধীন রয়েছেন মোট ৭০ জন। এ ছাড়াও নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় জেলা শহরের সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে স্থাপিত প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে ২৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানান, সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়। বর্তমানে ১ হাজার ২২৫ জনের কোয়ারেন্টাইন নিশ্চিত করেছে প্রশাসন। এর মধ্যে হোম কোয়ারেন্টাইনে ১ হাজার ১১০ জন, প্রাতিষ্ঠানিকে রয়েছে ৬১ জন ও আইসোলেশনে রয়েছে ৫৫ জন।