গোপালগঞ্জে দুই চিকিত্সকের করোনা ভাইরাস শনাক্ত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে নতুন করে দুই চিকিত্সকের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন। নতুন আক্রান্তদের মধ্যে দুই জন গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিত্সক। এদের মধ্যে এক জন কোটালীপাড়া ও অপরজন গোপালগঞ্জ থেকে নমুনা পরীক্ষা করিয়ে করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন।

এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জনে। আক্রান্তদের মধ্যে ৪১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি ১৯ জন গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল, কাশিয়ানী, মুকসুদপুর ও টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে চিকিত্সাধীন রয়েছেন।

সিভিল সার্জন আরো জানান, আক্রান্তদের মধ্যে মুকসুদপুর উপজেলায় এক চিকিত্সক ১৮ পুলিশ সদস্যসহ ২০ জন, কাশিয়ানী উপজেলায় ১১ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় এক চিকিত্সকসহ ১২ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ১৪ জন ও কোটালীপাড়া উপজেলায় এক চিকিত্সক ও নার্সসহ তিন জন রয়েছেন।