মিঠাপুকুরে বড়ো ভাইয়ের হাতে ছোটো ভাই খুন!

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা

রংপুরের মিঠাপুকুরে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের বিরোধের জেরে মঙ্গলবার দুপুরে বড়ো ভাই মশিয়ার রহমানের ধারালো অস্ত্রের আঘাতে ছোটো ভাই সাইফুল ইসলাম খুন হয়েছেন বলে অভিযোগে জানা গেছে।

এসময় তাদের মা বোনসহ আহত হয়েছেন সাত জন। ঘটনাটি ঘটে উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের যাদবপুর গ্রামে। এ ঘটনায় বুধবার নিহতের স্ত্রী নিলুফার ইয়াসমিন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গুরুতর আহত সাইফুল ইসলামকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় গতকাল বুধবার ভোরের দিকে মারা যায় সাইফুল ইসলাম।

মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, নিহত সাইফুলের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহতের স্ত্রী নিলুফার ইয়াসমিন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। আসামিকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে বলেও জানান ওসি।