গোপালগঞ্জে ভার্চুয়াল কোর্ট বর্জনের সিদ্ধান্ত প্রত্যাহার

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে ভার্চুয়াল কোর্ট বর্জনের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে জেলা আইনজীবী সমিতি। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম জুলকদর রহমান বুধবার দুপুরে কোর্ট বর্জনের সিদ্ধান্ত প্রত্যাহারের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন। তিনি আরো জানান, এদিন সকালে সমিতির এক জরুরি সভা আহ্বান করা হয়। এ সভায় ভার্চুয়াল কোর্ট বর্জনের সিদ্ধান্ত প্রত্যাহারের নতুন রেজুলেশন করা হয়। তারপর থেকেই গোপালগঞ্জে ভার্চুয়াল কোর্ট কার্যক্রম শুরু হয়। এর আগে গত সোমবার জেলা আইনজীবী সমিতির সভাপতি মুন্সী আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক এম. জুলকদর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ভার্চুয়াল কোর্ট বর্জনের সিদ্ধান্তের কথা জানানো হয়।

উল্লেখ্য, সোমবার মন্ত্রিপরিষদ সভায় অনুমোদিত এবং রাষ্ট্রপতি স্বাক্ষরিত ভার্চুয়াল কোর্ট সংক্রান্ত আদেশ জারি করা হয়।