করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন ১ লক্ষ ৩০ হাজার অসহায় ও দুঃস্থ পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে মহানগর আওয়ামী লীগ। বুধবার ( ১৩ মে) দুপুরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এ তথ্য জানান।
রাসিক মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা‘র নির্দেশে নগরীর ১ লাখ ৩০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের আগে মহানগর আওয়ামী লীগের ৩৭টি সাংগঠনিক ওয়ার্ডের নেতৃবৃন্দের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে ২০০ জন করে ৭ হাজার ৪০০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে। এছাড়া সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীকে করোনামুক্ত রাখা সম্ভব হয়েছে।
মেয়র বলেন, নগরীর ৩৭ টি সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে ৩৭৫ টন চাল, ৫ টন আটা, ৬৪ টন ডাল, ৬৭ টন আলু, শিশু খাদ্য হিসাবে ল্যাকটোজেন ও বায়োমিল দুধ ২ হাজার প্যাকেট , বিভিন্ন প্রকার সবজি ৩০০ টন বিতরণসহ নগদ অর্থ প্রদান করা হয়েছে। রমজানের শুরু থেকেই ভাসমান রোজাদার মানুষের জন্য প্রতিদিন ১ হাজার ২০০ প্যাকেট উন্নতমানের ইফতারি বিতরণ করা হচ্ছে। এছাড়া নগরীর প্রতিটি ওয়ার্ডে করোনা সম্পর্কিত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি সম্পর্কিত প্রচারপত্র বিতরণ, মাইকে প্রচারণা, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, ও মাস্ক বিতরণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মাহফুজুল আলম লোটন, অ্যাডভোকেট আসলাম সরকার, মীর তৌফিক আলী ভাদু, মীর ইসতিয়াক আহমেদ লিমন ও অ্যাডভোকেট মোসাব্বিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এসআই